জোসেফের সাজা মওকুফের আবেদন আইন মন্ত্রণালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ ওরফে জোসেফের সাজা মওকুফের আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গতকাল জোসেফের অবশিষ্ট সাজা মওকুফের আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত বিষয়ে জানতে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব পাঠানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আবেদন পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আইন মন্ত্রণালয়ের ইতিবাচক মতামত পেলেই তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
কোন বিবেচনায় আইন মন্ত্রণালয় সাজা মওকুফের বিষয়ে মতামত দেয়, জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সার্বিক বিবেচনায় এ বিষয়ে মতামত দেওয়া হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, জোসেফ অসুস্থ ও হৃদ্রোগের সমস্যায় ভুগছেন।
দুই সপ্তাহ ধরেই জোসেফের সাজা মওকুফের তোড়জোড় শুরু হয়। বহুল আলোচিত এই সন্ত্রাসীর খুনের দায়ে প্রথমে মৃত্যুদণ্ড হয়েছিল। এ রায় বহাল রাখেন হাইকোর্ট। পরে আপিল শুনানি শেষে গত বছরের ডিসেম্বরে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কারা সূত্রের হিসাব অনুযায়ী, তাঁর সাজার মেয়াদ আরও ২১ বছর ৭ মাস বকেয়া আছে।
কারা সূত্র জানায়, জোসেফের মা রেনুজা বেগম ৭ জুন তাঁর সন্তানের সাজা মওকুফের জন্য আবেদন করেছেন। তাঁকে অন্যায়ভাবে সাজা খাটানো হচ্ছে বলে তিনি আবেদনে জানিয়েছেন। এখন দ্রুত সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রধানমন্ত্রীর কাছে আবেদন পাঠাতে বিশেষ তদবির চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে দু-এক দিনের মধ্যে এ সাজা মওকুফের প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, ‘আমরা আইন মন্ত্রণালয়ের মতামত নেব। মতামত পেলে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর রাষ্ট্রপতির কাছে পাঠাব।’ তিনি বলেন, ‘রাষ্ট্রের কাছে যে কেউ ক্ষমা চেয়ে আবেদন করতে পারেন।