জোহরা তাজউদ্দীনের দাফন সম্পন্ন

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দেশের বর্ষীয়ান রাজনীতিক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সহধর্মিণী সৈয়দা জোহরা তাজউদ্দীন গত শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ৮১ বছর বয়সে মারা যান। মরহুমার একমাত্র ছেলে তানজিম আহমেদ সোহেল তাজের জন্য মরদেহ হিমঘরে রাখা হয়। গতকাল সকালে সোহেল তাজ যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছার পর বিমানবন্দর থেকে সরাসরি ইউনাইটেড হাসপাতালে চলে যান। সেখান থেকে মরদেহ নিয়ে তিনি গাজীপুরের কাপাসিয়ায় নিজ গ্রাম দরদড়িয়ায় যান।
দাফনের সময় মরহুমার পরিবারের সদস্য ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পূর্তমন্ত্রী তোফায়েল আহমেদ, ডেপুটি স্পিকার শওকত আলীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
জোহরা তাজউদ্দীনের মৃত্যুতে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ তিন দিনের শোক কর্মসূচি পালন করছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল বেলা সোয়া তিনটায় জোহরা তাজউদ্দীনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে রহমত আলী, আ ক ম মোজামেঞ্চল হক, মরহুমার কন্যা সিমিন হোসেন রিমি, ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও আওয়ামী লীগের স্থানীয় নেতারা বক্তব্য দেন। জানাজায় শত শত মানুষ অংশ নেন। এলাকাবাসী তাঁকে একনজর দেখতে ভিড় জমান এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। কাপাসিয়া পাইলট স্কুল মাঠে এবং গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ীর মাঠে আরও দুটি জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়।