জোড় ইজতেমা শুরু মুসল্লিদের ঢল
মুসল্লিদের ঢল এখন টঙ্গী ইজতেমামুখী। তুরাগ নদের তীরে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা।
জোড় ইজতেমায় দেশের বিভিন্ন জেলা থেকে তাবলিগ জামাত অনুসারী তিন চিল্লার লাখ লাখ সাথি ইজতেমা ময়দানে শরিক হবেন। ইজতেমামুখী মুসল্লিরা এখনো ময়দানে আসার জন্য রাস্তায় রয়েছেন। আগত মুসল্লিদের উদ্দেশে ইমান, আকিদাসহ ছয় উসুল সম্পর্কে বিস্তারিত বয়ান করবেন বিশ্ব তাবলিগের বুজুর্গ মুরব্বিরা।
গতকাল সকালে জোড় ইজতেমায় বয়ান করেন বিদেশি মুরব্বি মাওলানা ইয়াকুব। জোহরের নামাজ পড়ান কাকরাইলের ইমাম হাফেজ মাওলানা যোবায়ের হোসাইন। বাদ আসর বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি এবং নতুন সাথি বানানোর ফিকির সম্পর্কে আলোচনা করা হয়।
ইজতেমা ময়দানের মুরব্বি মো. গিয়াস উদ্দিন বলেন, গতকাল থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। জোড় ইজতেমা সফল করতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অবরোধের কারণে ইজতেমামুখী মুসল্লিদের ময়দানে পৌঁছাতে অনেক কষ্ট হবে। মুসল্লিরা দেশের বিভিন্ন স্থান থেকে পরিবহনে আসতে না পারলেও পায়ে হেঁটে ময়দানে যোগ দেবেন ইনশাল্লাহ।
এবার মূল ইজতেমার প্রথম পর্ব শুরু হবে আগামী ২৪ জানুয়ারি, শেষ হবে ২৬ জানুয়ারি। দ্বিতীয় পর্ব শুরু হবে ৩১ জানুয়ারি এবং শেষ হবে ২ ফেব্রুয়ারি।