জোড় ইজতেমায় আসা তিন মুসল্লির মৃত্যু
গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গতকাল সোমবার হাফিজুর রহমান (৬৩) নামের এক মুসল্লি মারা গেছেন। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সদরের বাসিন্দা।
এ নিয়ে জোড় ইজতেমায় আসা তিনজন মুসল্লি মারা গেলেন। অপর দুজন হলেন যশোরের কেশবপুর উপজেলার আলতাপুল গ্রামের আবদুর রাজ্জাক (৬৫) ও মাদারীপুর সদর উপজেলার মাধববাড়ী এলাকার কদম হাজি হাওলাদার (৬০)।
টঙ্গী থানার পুলিশ ও ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি ফরিদ আহমেদ জানান, গতকাল সোমবার দুপুরে হাফিজুর রহমান হঠাৎ অসুস্থ বোধ করেন। সঙ্গীরা দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। এর আগে গত রোববার সকালে আবদুর রাজ্জাক ও দুপুরে কদম হাজি হাওলাদার মারা যান। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হলে সঙ্গীরা দ্রুত তাঁদের হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। ইজতেমা মাঠে জানাজা শেষে তিনজনের লাশ নিজ নিজ ঠিকানায় স্বজনদের কাছে পাঠিয়ে দেওয়া হয়।
২০ ডিসেম্বর জোড় ইজতেমা শুরু হয়েছে, শেষ হবে আজ ২৪ ডিসেম্বর।