জোড়ঢেবায় মাছের পোনা ছেড়েছে জেলা মৎস্য দপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী বার কোয়ার্টার এলাকায় রেলওয়ের জোড়ঢেবায় মাছের পোনা ছেড়েছে জেলা মৎস্য দপ্তর। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে পোনা অবমুক্তকরণ করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ। অন্যানের মধ্যে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেবী, সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূরুল আমিন, সাধারণ সম্পাদক সাবের আহম্মদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেন, পোনা ছাড়ার কারণ মাছ চাষে উৎসাহিত করা। উৎসাহিত না করলে আমরা মাছ পাব না। মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, দেশে মাছ চাষ বাড়ানো এবং একে সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যে সরকার চট্টগ্রামের ১৪টি উপজেলা ও মহানগরের ৯ নম্বর নির্বাচনী এলাকার ১৩টি পুকুর, জলাশয়, প্রাতিষ্ঠানিক পুকুর, প্লাবনভূমি নির্বাচন করে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী জোড়ঢেবায় গতকাল আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়। এখানে প্রায় ১৫ একর জলাশয়ে রুই, কাতাল, মৃগেল, কালাবাউসসহ ৪০ কেজি পোনা ছাড়া হয়।উল্লেখ্য, সরকার ১৪টি উপজেলায় মাছের পোনা ছাড়ার জন্য ২৬ লাখ এবং মহানগরের ১৩টি পুকুর ও জলাশয়ের জন্য এক লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এলাকার প্রাতিষ্ঠানিক জলাশয়, প্লাবনভূমি, মুক্ত জলাশয়ে সরকারের নিজস্ব অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে চট্টগ্রাম মহানগরে প্রথমবারের মতো।