জোড়া খুনের ঘটনায় আতঙ্ক, বিপাকে যৌনকর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে এখনো জোড়া খুনের আতঙ্ক কাটেনি। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দফায় দফায় অভিযান চালানোর কারণে যৌনপল্লিতে খদ্দেরও কমে গেছে। এ কারণে আয়-রোজগার কমে যাওয়ায় যৌনকর্মীরা বিপাকে পড়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পল্লির একাধিক বাসিন্দা জানান, এই পল্লির বাসিন্দা প্রায় চার হাজার। তাদের মধ্যে তিন হাজার যৌনকর্মী এবং বাকিরা ব্যবসায়ী ও অন্যান্য পেশায় জড়িত। ২২ মার্চ বিকেলে পল্লিসংলগ্ন রেলস্টেশনের পাশে প্রভাবশালী বাড়িওয়ালি সালমী বেগমসহ এক ব্যবসায়ীকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এরপর পল্লির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রায় দেড় হাজার যৌনকর্মী পল্লি ছেড়ে অন্যত্র চলে যায়। ঘটনার পর অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ কয়েকবার পল্লিতে অভিযান চালিয়েছেন। এ কারণে ঝামেলা এড়াতে পল্লিতে খদ্দেররা আসতে চাইছে না। এতে যৌনকর্মী ও সাধারণ ব্যবসায়ীদের আয়-রোজগার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল জলিল বলেন, সম্প্রতি ঘটে যাওয়া দুটি খুনের ঘটনায় পল্লি ও তার আশপাশের এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের ধরার জন্য যৌনপল্লিতে অভিযান চালাচ্ছে। সেখান থেকে নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা হবে না। এ কারণে সেখানকার বাসিন্দাদের নিরাপত্তাহীনতায় ভোগার বা আতঙ্কে থাকার প্রয়োজন নেই। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ তৎপর রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, পল্লিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসন তৎপর রয়েছে।