জোড়া খুনের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরে ৪ জানুয়ারি সংঘটিত জোড়া খুন মামলার আসামিপক্ষ ওই ঘটনাকে বর্বর, পৈশাচিক বলে উল্লেখ করে জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দাবি করেছে। তাদের দাবি, ওই ঘটনাকে কেন্দ্র করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আসামিদের পরিবারের পক্ষ থেকে এ দাবি করা হয়। পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন মোসাবুল ইসলাম ও জবেদা খাতুন। মোসাবুল জোড়া খুন মামলার ১ নম্বর আসামি মালেক মোল্লার ছেলে এবং জবেদা ৪ নম্বর আসামি বাদলের মা ও ৯ নম্বর আসামি রেজাউলের স্ত্রী।
মোসাবুল ইসলামের সই করা বক্তব্য পড়েন মুনশি সিরাজুল ইসলাম।
৪ জানুয়ারির খুনের ঘটনার পেছনের কারণ হিসেবে গঙ্গাদাসপুরের বিরোধপূর্ণ ১১৬ বিঘা জমির বিষয়ে দাবি করা হয়, ওই জমির প্রকৃত মালিক আবদুল জলিল, সফুরা খাতুন, সামসুল হক, আক্কাস আলী গোলদার, ইসাহাক মণ্ডল, ফজলুর রহমান ও আবুল কাশেম দিগর। যাঁদের নামে সিএস, এসএ, আরএস রেকর্ড আছে এবং খাজনা পরিশোধ করা হচ্ছে। কিন্তু স্বার্থান্বেষী মহলের ইন্ধনে ভূমিহীন নামধারী ভূমিদস্যুরা ভূমিমালিকদের ওয়ারিশদের মারধর, জমির ফসল নষ্ট ও মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করে আসছে।
প্রসঙ্গত, ৪ জানুয়ারি গঙ্গাদাসপুরে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে মো. শাহাবুদ্দীন নামে আরও এক ব্যক্তি মারা যান।