জোড়া খুনের দায়ে চারজনের মৃত্যুদণ্ড
মাদারীপুরে জোড়া খুনের দায়ে চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং নয় আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন ওই খুনের ঘটনায় করা মামলা রায়ে এসব দণ্ডাদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মহিউদ্দিন হাওলাদার, সোহাগ হাওলাদার, হালিম সরদার ও হাবি শিকদার। এঁদের মধ্যে হালিমকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পলাতক। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি শামসুল হক হাওলাদার। ১০ বছরের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হিরু হাওলাদার, রফিক হাওলাদার, কাইয়ুম শিকদার, জাহাঙ্গীর শিকদার, টুটুল হাওলাদার, মোস্তফা হাওলাদার, জিন্নাত খাঁ, ইদ্রিস শেখ ও সেকান্দার শেখ। তাঁদের মধ্যে কেবল জাহাঙ্গীর শিকদার পলাতক।
এ ছাড়া ১৪ জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১২ ফেব্রুয়ারি মাদারিপুরের রাজৈর উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামে ঈদুল আজহার দিন আসামিরা শটগান, কাটাবন্দুক, পিস্তল ও হাতবোমা নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল হক মোল্লার কর্মী সৈয়দ আলী মোল্লা ও সুলেমান মোল্লাসহ ৩৬ জনের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলে সৈয়দ আলী মোল্লা মারা যান। পরে হাসপাতালে সুলেমান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজন আইয়ুব আলী মোল্লা বাদী হয়ে ঘটনার দিনই মামলা করেন। ওই বছরের ৩০ আগস্ট এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়।
অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২০০৫ সালের ১১ অক্টোবর এ মামলার বিচার শুরু হয়। ৫৩ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আবু আবদুল্লাহ।