জোড়া খুনের দায়ে যুবকের ফাঁসি
চট্টগ্রামের সন্দ্বীপে তিন হাজার টাকার জন্য মামি ও মামাতো বোনকে খুনের দায়ে আমির হোসেন (২৭) নামের এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আরেক মামাতো বোনকে কুপিয়ে হাতের চারটি আঙুল ফেলে দেওয়ায় অভিযুক্ত যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক।
আজ মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমদ এ রায় দেন। আমির হোসেন জামিনে গিয়ে বর্তমানে পলাতক।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইয়ুব খান প্রথম আলোকে বলেন, ‘২০১১ সালের ৭ জুলাই সন্দ্বীপের গাছুয়া এলাকায় তিন হাজার টাকা চেয়ে না পেয়ে মামি নিলুফা বেগম ও তাঁর সাত বছর বয়সী মেয়ে খতিজা আক্তারকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন আমির। এ ছাড়া সাথী আক্তার নামে নিলুফার ১১ বছর বয়সী আরেক মেয়েকে কুপিয়ে হাতের চারটি আঙুল ফেলে দেওয়া হয়। এ ঘটনায় আবদুল কাদের বাদী হয়ে সন্দ্বীপ থানায় মামলা করলে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। ঘটনার সত্যতা স্বীকার করে আসামি আমির হোসেন আদালতে জবানবন্দিও দেন। পরে জামিনে গিয়ে তিনি পলাতক হন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আমির হোসেনকে ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড দেন।’ মাত্র তিন হাজার টাকা না পেয়ে এই জোড়া খুনের ঘটনা ঘটেছিল বলে তিনি জানান।
রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বাদীর আইনজীবী এম মিলাদুল আমিন বলেন, ‘উচ্চ আদালতেও যেন এ রায় বহাল থাকে।’