জোড়া খুনের দায়ে সাতজনের ৬৬ বছর করে জেল
জোড়া খুনের দায়ে নাটোরে সাতজনকে ৬৬ বছর ছয় মাসের কারাদণ্ড ও সাত হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার নাটোরের জেলা ও দায়রা জজ জাহিদুল ইসলাম এ রায় দেন।সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: নাটোর সদর উপজেলার চরলক্ষ্মীকোল গ্রামের পলাতক আসামি শহিদুল ইসলাম, মোজাফ্ফর, আবদুল করিম, মোকছেদ, বকুর, খোকা ও মোতালেব। রায়ে অন্য সাতজন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলা চলাকালীন আসামি মজিদ ও তাঁর স্ত্রী বেগম মারা যাওয়ায় বিচারক তাঁদের মামলা থেকে অব্যাহতি দেন।মামলার বিবরণে জানা যায়, ১৯৯৭ সালের ৯ অক্টোবর টিউবওয়েলের পানি পান করা নিয়ে আসামিরা চরলক্ষ্মীকোল গ্রামের আবদুল হামিদ মোল্লার ছেলে হেলাল ও হালিমসহ বাড়ির অন্য সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেলাল ও হালিম মারা যান।