জোড়া খুনের বিচারে একটিতে মৃত্যুদণ্ড, অন্যটিতে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর আরিচপুরে জোড়া খুনের দায়ে এক যুবকের একটিতে মৃত্যুদণ্ড এবং অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ বুধবার সকালে বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহ গ্রামের বদরুল ইসলাম (৩০)।

আদালত ও মামলার বিবরণ থেকে জানা গেছে, টঙ্গীর আরিচপুর বউ বাজারের লতিফ গাজীর বাড়িতে পাশাপাশি বাসায় ভাড়া থাকতেন ইসমাইল ও বেলাল হোসেন। ইসমাইলের শ্যালক বদরুল ইসলাম তাঁর বাড়িতে বেড়াতে আসেন। বদরুল তাঁর দুলাভাইয়ের কাছে টাকা চান। টাকা না দেওয়ায় ২০১০ সালের ১৫ জুন বিকেলে বদরুল ছুরিকাঘাতে দুলাভাই ইসমাইলকে হত্যা করেন। এ সময় ইসমাইলের মা সফিলা খাতুন সামনেই ছিলেন। তিনি চিৎকার দিলে প্রতিবেশী বেলাল এগিয়ে আসেন। তখন বদরুল তাঁকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে বেলালও মারা যান।

এ ঘটনায় ওই দিনই বেলালের ভাই মো. ফজলু মিয়া বাদী হয়ে টঙ্গী থানায় একটি হত্যা মামলা করেন। পরের দিন পুলিশ বদরুলকে তাঁর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রাজিউর রহমান এ ঘটনায় ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর বদরুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

আদালত আজ আসামি বদরুলকে তাঁর দুলাভাই ইসমাইলকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং প্রতিবেশী বেলালকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন হুমায়ুন কবির এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) হারিছ উদ্দিন আহমেদ।

রায়ে ন্যায়বিচার পাননি দাবি করে আপিলের কথা জানালেন আসামিপক্ষের আইনজীবী।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, রায় ঘোষণার পর আসামিকে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।