জোড়া খুনের মামলায় দুজনের মৃত্যুদণ্ড
রাজধানীর হাজারীবাগে দুই ঠিকাদার খুনের দায়ে দুজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন (৩০ বছর) কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ রায় ঘোষণা করেন। ২০০৭ সালের ১ জুন মনির ও আলম নামের এ দুই ঠিকাদার খুন হন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন টিল্লু হাজি ওরফে জমির উদ্দিনের দুই ছেলে নাসির ও ইয়াসিন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, টিল্লু হাজি, তাঁর জামাতা মো. মুসলিম, ছেলে মোহাম্মদ আলী ও আহাম্মদ। রায়ে কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের কথা উল্লেখ করা হয়। টিল্লু হাজির অন্য ছেলে আ. রহমান, মেয়ে মাবিয়া খাতুন ও নাতনি সুমিকে আদালত বেকসুর খালাস দেন।মামলার বিবরণে বলা হয়, ২০০৭ সালের ১ জুন হাজারীবাগের চরওয়াশপুর গ্রামের সোনামিয়ার বাড়ির পাশে কালভার্ট তৈরি করার সময় টিল্লু হাজি ও তাঁর জামাতা মুসলিমের হুকুমে অন্যরা বল্লম ও চাপাতি দিয়ে কুপিয়ে ঠিকাদার মনির ও আলমকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই আলতাব হোসেন বাদী হয়ে হাজারীবাগ থানায় হত্যা মামলা করেন। ওই বছরের ১২ ডিসেম্বর পুলিশ এজাহারভুক্ত আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০০৯ সালের ১৫ মার্চ এ মামলার অভিযোগ গঠন করা হয়। আদালত ১৬ জনের সাক্ষ্য নেন।রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ সরকারি কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঁইয়া।