জোড়া খুনের মামলায় সন্ত্রাসী অমিতের তিন দিনের রিমান্ড
চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী অমিত মুহুরিকে আরেকটি জোড়া খুনের মামলায় জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিকেলে অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম শাহাদাত হোসেন ভূঁইয়া শুনানি শেষে এ আদেশ দেন।
নগরের কোতোয়ালি থানার একটি জোড়া খুনের মামলায় অমিতকে জিজ্ঞাসাবাদ করতে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী। এ সময় তাঁর আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ২০১৩ সালের ১ মার্চ নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকার দোকান কর্মচারী মো. আরমানকে বালিশচাপা দিয়ে খুন করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। খুনের ঘটনা দেখে ফেলায় মো. হিরু নামের আরেক কর্মচারীকেও খুন করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। পরে সিআইডিতে আসে তদন্তের জন্য। তদন্তে গিয়ে সম্প্রতি এই খুনের ঘটনায় অমিত মুহুরি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাই তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালতের আদেশটি হাতে পাওয়ার পরপরই অমিতকে জিজ্ঞাসাবাদ করতে কারাগার থেকে আনা হবে।
গত ৯ আগস্ট নগরের নন্দনকানন হরিশ দত্ত লেনের বাসায় ডেকে নিয়ে বাল্যবন্ধু ও যুবলীগ কর্মী ইমরানুল করিমকে সহযোগীদের নিয়ে হত্যা করেন অমিত। ১৩ আগস্ট চট্টগ্রাম নগরের এনায়েত বাজার এলাকার রাণীরদীঘি থেকে ইমরানুলের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ২ সেপ্টেম্বর কুমিল্লা সদরে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে অমিত গ্রেপ্তার হন। আদালতে দেওয়া জবানবন্দিতে অমিত বলেন, তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করায় তিনি ইমরানুলকে খুন করেছেন।
পুলিশ জানায়, অমিতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১৫টি মামলা রয়েছে। পূর্বাঞ্চল রেলের কোটি টাকার দরপত্র নিয়ে জোড়া খুনের মামলার আসামিও তিনি। জোড়া খুনের মামলায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক উপসম্পাদক হেলাল আকবর চৌধুরীও আসামি।