জোড়া খুনের মামলায় সাংসদপুত্র রনি আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাক্ষ্যগ্রহণে সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে আদালতে হাজির করা হয়েছে। আজ সোমবার এ মামলার সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করা আছে। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুন্নাহারের আদালতে এ মামলার বিচার চলছে।

এর আগে গত ৬ মার্চ এ মামলার বখতিয়ার আলম রনি বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ওই দিন সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।
এ মামলায় নিহত অটোরিকশাচালক ইয়াকুব আলীর স্ত্রী ও তাঁর মেয়ে আদালতে হাজির হয়েছেন।

এই জোড়া খুনের মামলায় গত বছরের ২১ জুলাই বখতিয়ার আলমকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বখতিয়ার আলম মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংসদ পিনু খানের ছেলে।

গত বছরের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। গুলিতে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। ওই ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় এই মামলা করেন। ৩১ মে বখতিয়ার আলমকে গ্রেপ্তার করে পুলিশ। ডিবি পুলিশ সূত্রবিহীন এই মামলায় তথ্যপ্রযুক্তি ও দৈনিক জনকণ্ঠর ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার সহায়তায় সাংসদপুত্রের প্রাডো গাড়ি ও তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।

আরও পড়ুন