জোড়া খুনের মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলার বাদী আদালতে হাজির না হওয়ায় আজ সোমবার সাক্ষ্য নেওয়া হয়নি। আদালত আগামী ৮ মে সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ ধার্য করেছেন। আজ সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুন্নাহার এ তারিখ ধার্য করেন।

জোড়া খুনের মামলায় আসামি সাংসদপুত্র বখতিয়ার আলম রনির জামিনের আবেদন নাকচ করেছেন আদালত। এ সময় আদালতে এ মামলার আসামি বখতিয়ার আলম রনি উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি জাহিদ হোসেন সর্দার ও মাকসুদুল আলম আদালতকে বলেন, এ মামলার বাদী নিহত রিকশাচালক আবদুল হাকিমের মা মনোয়ারা বেগম অসুস্থ থাকায় আজ আদালতে হাজির হননি। পরবর্তী ধার্য তারিখে অবশ্যই তাঁকে আদালতে আনা হবে। তাঁরা দুজনই আদালতকে জানান, নিহত অপর সিএনজিচালিত অটোরিকশাচালক ইয়াকুব আলীর স্ত্রী সালমা বেগম ও তাঁর মেয়ে রুনা আকতার আদালতে হাজির হয়েছেন। মামলার কাগজপত্র না পাওয়ার কারণে তাঁরা আজ সাক্ষ্য দিচ্ছেন না।

আদালতের কার্যক্রম শেষে সরকারি কৌঁসুলি জাহিদ হোসেন সর্দার প্রথম আলোকে বলেন, পরবর্তী ধার্য তারিখে অবশ্যই বাদীকে আদালতে হাজির করা হবে। বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্যে দিয়েই মামলার কার্যক্রম শুরু হবে।

আসামির আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু আদালতে বখতিয়ার আলম রনির জামিন আবেদন করে আদালতকে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে বখতিয়ার আলম রনি জড়িত নন। যে গাড়ি জব্দ করা হয়েছে, সেটিও তাঁর নয়। অনেক দিন ধরেই তিনি কারাগারে আছেন। সার্বিক বিবেচনায় তাঁকে জামিন দেওয়া হোক। শুনানি শেষে আদালত রনির জামিন আবেদন নাকচ করে দেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলিরা বখতিয়ার আলম রনির জামিন আবেদনের বিরোধিতা করে বক্তব্য দেন।
আজ এ মামলার সাক্ষ্য নেওয়ার দিন ধার্য থাকায় বেলা ১১টার দিকে বখতিয়ার আলম রনিকে আদালতে হাজির করে পুলিশ।

এর আগে গত ৬ মার্চ এ মামলায় বখতিয়ার আলম রনি বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ওই দিন সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।
জোড়া খুনের এ মামলায় গত বছরের ২১ জুলাই বখতিয়ার আলমকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বখতিয়ার আলম মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংসদ পিনু খানের ছেলে।

গত বছরের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। গুলিতে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। ওই ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় এই মামলা করেন। ৩১ মে বখতিয়ার আলমকে গ্রেপ্তার করে পুলিশ। ডিবি পুলিশ সূত্রবিহীন এই মামলায় তথ্যপ্রযুক্তি ও দৈনিক জনকণ্ঠর ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার সহায়তায় সাংসদপুত্রের প্রাডো গাড়ি এবং তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।

আরও পড়ুন