জোড়া ঘোড়া দিয়ে ভক্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোবাসনা পূরণের পর মাটির জোড়া ঘোড়া দিয়ে ভক্তি জানাতে অনেক নারী-পুরুষ গত শুক্র ও শনিবার ভিড় জমান ঠাকুরগাঁও সদর উপজেলার মোজাতিপাড়ার একটি বেদিতে। স্থানীয়ভাবে বেদিটি মাদার বা থান হিসেবে পরিচিত।গত শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাঁচা রাস্তার বাঁশঝাড়ের জঙ্গলের পাশের ওই থান সাজানো হয়েছে রংবেরঙের কাগজ দিয়ে। বেদির সামনে হাতে মাটির ঘোড়া নিয়ে জড়ো হয়েছেন কয়েক শ নারী-পুরুষ। আবার কেউ কেউ সঙ্গে নিয়ে এসেছেন তাঁদের সন্তান। তাঁদের হাতে রয়েছে মোমবাতি, আগরবাতি ও গোলাপজল। একের পর এক তাঁরা ঘোড়াগুলোকে একটি নির্দিষ্ট স্থানে রেখে কিছুক্ষণ নীরব থেকে ভক্তি জানাচ্ছেন। কেউ কেউ বেদি ছুঁয়ে সালাম করছেন। ভক্তি শেষে আবার অনেকেই বাড়ি থেকে আনা খাবার খাওয়াচ্ছেন গরিবদের। সামর্থ্যমতো দান করে যাচ্ছেন টাকা-পয়সা। ঘোড়াগুলো একের পর এক সাজিয়ে রেখে ভক্তি জানাতে আসা লোকজনকে সহায়তা করছেন গ্রামের দুলাল হোসেন।দুলাল হোসেন বলেন, ওই স্থানে জিন্দা মাদার পীর, পাগলা মাদার পীর, গ্রামঠাকুর ও বিষু হরি ঠাকুরের থান রয়েছে। চারটি থানের একই স্থানে অবস্থান বলে সব ধর্মের লোকজন এখানে এসে মানত করে যায়। আবার মানত পূরণ হলে মাটির এক জোড়া ঘোড়া দিয়ে ভক্তি জানায়।শ্রদ্ধা জানাতে আসা সদর উপজেলার ফকদনপুর গ্রামের দিনমজুর আবদুল আলিমের সঙ্গে কথা হয়। তিনি জানান, তাঁর শিশুছেলে চলাফেরা করতে পারত না, ঘরে নিথর পড়ে থাকত। অনেক চিকিৎসক ও কবিরাজ দেখিয়েও কোনো কাজ হয়নি। ছেলের সুস্থতার আশা একপ্রকার ছেড়েই দিয়েছিলেন তিনি। বছর খানেক আগে ছেলেকে হাসপাতালে নেওয়ার পথে জানতে পারেন, মোজাতিপাড়ার এই থানে গিয়ে মানত করলেই সব মনোবাসনা পূরণ হয়। মনোবাসনা পূরণ হলে বিনিময়ে ওই বেদিতে নির্দিষ্ট আকৃতির মাটির জোড়া ঘোড়া দিয়ে শ্রদ্ধা-ভক্তি জানাতে হয়। পরদিন এখানে এসে তিনি ছেলের রোগমুক্তি কামনায় মানত করেন। সেই বাসনা পূরণ হওয়ায় শুক্রবার তিনি ছেলেকে নিয়ে ভক্তি জানিয়ে মাটির এক জোড়া ঘোড়া দিয়ে যান। আর সঙ্গে বাড়ি থেকে আনা রুটি ও পায়েস এলাকার গরিব ছেলেমেয়েদের খাওয়ালেন। দুর্গাপূজার দশমীর পরদিন স্থানীয় বাসিয়া দেবীর মেলা থেকে ওই বিশেষ ধরনের মাটির ঘোড়া কিনেছেন। সেখানে ছাড়া এই ঘোড়া পাওয়া যায় না।জমির মালিক আজিজুল ইসলাম বলেন, ‘রাস্তার পাশে তাঁদের পাঁচ শতক জমিতে থানের অবস্থান। বিভিন্ন এলাকার লোকজন এখানে ভক্তি-শ্রদ্ধা জানায়। অনেকে মনোবাসনা পূরণের জন্য অঙ্গীকার করে টাকা-পয়সা দান করে যায়। সেই টাকা দিয়ে আমরা মসজিদে মিলাদ করে দেই।’ ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী জানান, কুসংস্কারাচ্ছন্ন লোকজন সমস্যা সমাধানের জন্য এসব পথ খুঁজে নিচ্ছে। আবার দুর্বলচিত্ত ও দরিদ্র পরিবারের লোকজন চিকিৎসার খরচ জোগাতে না পেরে বেদিতে ঘোড়া দিয়ে রোগমুক্তির কামনা করছে। মানত করে মনোবাসনা পূরণের ঘটনা কাকতালীয়। সমাজ বিশ্লেষক মুহম্মদ শহীদ উজজামান বলেন, কুসংস্কারাচ্ছন্ন দরিদ্র মানুষ বিশ্বাসের ওপর ভর করেই মাজারের প্রতি ঝুঁকে পড়ে। আর যেসব ধনিক শ্রেণীর একটি অংশ, যারা কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারেনি, তারাও মাজারে গিয়ে মানত করে জীবনের সমস্যার সমাধান পেতে চায়।