জোড়া লাগা যমজ শিশু নিয়ে দুশ্চিন্তায় মা

অনাগত শিশুরা সুস্থ আছে কি না—জানতে চিকিৎসকদের পরামর্শে পাঁচবার আলট্রাসনোগ্রাম করিয়েছেন মা রুমিনা খাতুন (২৯)। চিকিৎসকেরা জানিয়েছিলেন তিনি যমজ সন্তানের মা হতে চলেছেন। একসঙ্গে দুটি সন্তান তো আনন্দের খবর! তাই মায়ের মন আনন্দে ভরে ওঠে।
কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। মেহেরপুর জেনারেল হাসপাতালে গতকাল শনিবার ভোর ছয়টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে মা রুমিনা দুই সন্তানের জন্ম দেন। কিন্তু সন্তানদের দেখে শঙ্কা বেড়েছে মা রুমিনার। কারণ তারা শুধু যমজ নয়, জোড়া লাগা।
মেহেরপুর জেনারেল হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ও রুমিনার অস্ত্রোপচারকারী চিকিৎসক আব্দুস সালাম প্রথম আলোকে বলেন, ‘অস্ত্রোপচার করার সময় মনে হয়েছিল বাচ্চা দুটি পৃথক যমজ হবে। কিন্তু দেখা গেল জোড়া লাগা। শরীর আলাদা থাকলেও তাদের বুকের মাঝখান থেকে নাভি পর্যন্ত জোড়া লাগানো। তাদের নাভি একটাই। হূদযন্ত্র, পাকস্থলী দুটি কি না, তা নিয়ে সন্দেহ আছে।’ তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য অস্ত্রোপচার করা দরকার বলে আব্দুস সালাম মনে করেন।
গাংনী উপজেলার বামুন্দীর একটি ক্লিনিকে শিশু দুটিকে রাখা হয়েছে। তাদের দেখতে অনেক লোক ভিড় করছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের চিকিত্সক জেড এম রায়হান কবীর বলেন, মা ও শিশুরা সুস্থ আছে। তবে, বাচ্চাদের ভবিষ্যত্ এখনই বলা যাচ্ছে না।
মা রুমিনা বেগম বলেন, ‘যমজ শিশুর কারণে কখনো ঠিকমতো বসতে পারতাম না । অনেক কষ্টে সময় পার করেছি। এখন বাচ্চাদের সুস্থতা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
যমজ শিশুর পিতা কাজীপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী রাহিবুল ইসলাম জানান, বিদেশে নিয়ে অস্ত্রোপচার করার সামর্থ্য তাঁর নেই। তিনি বাচ্চাদের সুস্থতার জন্য সরকারি-বেসরকারি সাহায্য প্রার্থনা করেছেন।
কেউ সহায়তা করতে চাইলে এই নম্বরে (ইয়ারুল ইসলাম
০১৭৩০৬২৬০৯২) যোগাযোগ করতে পারেন।