জোড়া লাগানো দুটি শিশুই মারা গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জন্ম নেওয়া জোড়া লাগানো দুটি যমজ শিশুই মারা গেল। মঙ্গলবার দুপুরে জন্মের পরপরই একটি শিশু মারা যায়। অন্য শিশুটির মৃত্যু হয় সেদিন রাতে। স্বজনেরা গতকাল বুধবার সকালে স্থানীয় কবরস্থানে শিশু দুটিকে দাফন করেছেন।
বড়াইগ্রামের চামটা গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের স্ত্রী হনুফা বেগম জোনাইল বাজারের শাফী ক্লিনিকে শিশু দুটির জন্ম দেন। ওই ক্লিনিকের চিকিৎসা কর্মকর্তা ডলি রানী বলেন, জন্মের পরপরই একটি শিশু মারা গেলেও অন্যটি নড়াচড়া করছিল। তবে রাতে তারও হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। ফলে উভয় শিশুকে মৃত ঘোষণা করা হয়। শিশু দুটির বাবা মোজাম্মেল হক জানান, স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। তিনি জানান, মৃত শিশুদের দেখার জন্যও শত শত মানুষ তার বাড়িতে ভিড় জমায়।
শিশু দুটি ঘাড়ের নিচ থেকে কোমর পর্যন্ত পরস্পরের সঙ্গে যুক্ত ছিল। তাদের দুটি মাথা থাকলেও হাত তিনটি ও পা দুটি ছিল।