জোড়া হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন
পটুয়াখালীর দুমকীতে চাঞ্চল্যকর একটি জোড়া হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম মজিবুর রহমান এই রায় দেন।দণ্ড পাওয়া ব্যক্তিরা হচ্ছেন কাদের গাজী (৪৫), খলিল আকন (৩৬), সবুজ শরীফ (২৮), কবির শরীফ (৩২), রিপন শরীফ (১৯), মনির শরীফ (৩২), হারুন মৃধা (৩০) ও রফিক (৩২)। দোষী সাব্যস্ত না হওয়ায় মামলার অপর দুই আসামি দুলাল শরীফ ও রীনা বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।মামলার সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ করা হয়েছে, চাঁদপুরের এ টি এম আকতারুজ্জামান বাবুল ২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে ইস্পাহানী কোম্পানির চা নিয়ে পটুয়াখালী আসেন। এ সময় তাঁর সঙ্গে সহকারী হোসেন আহম্মেদ পাটোয়ারীও ছিলেন। ১০ ফেব্রুয়ারি রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় ঘাটের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খবর দিলে নিহত আকতারুজ্জামানের ছোট ভাই হাসানুজ্জামান সেখানে এসে ট্রাকটি শনাক্ত করেন। কিন্তু এ সময় তিনি তাঁর ভাই ও তাঁর সহকারীকে খুঁজে পাননি।মামলার বিবরণে আরও উল্লেখ করা হয়েছে, ১৪ ফেব্রুয়ারি পটুয়াখালীর দুমকী উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের লোহালিয়া নদী থেকে প্রথমে আকতারুজ্জামানের এবং পরে নদীর পূর্বপাড় থেকে হোসেন আহম্মেদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই আকতারুজ্জামানের আরেক ভাই কামরুজ্জামান বাদী হয়ে দুমকী থানায় একটি হত্যা মামলা করেন।