জোড়াতালি দিয়ে চলছে সংস্কারকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলার বিধ্বস্ত মহাসড়ক ও সড়কের সাময়িক মেরামতের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। তবে এ কাজ ইট ও বালু দিয়ে গর্ত ভরাট করার মধ্যেই সীমাবদ্ধ থাকছে।গাড়িচালকেরা বলছেন, সংস্কারের নামে যেভাবে গর্ত ভরাট করা হচ্ছে, তাতে সমস্যার সমাধান হবে না। অনেক ক্ষেত্রে তা ভোগান্তি বাড়াবে। সওজ কর্মকর্তারা বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনা কমাতে আপাতত ইট ও বালু দিয়ে গর্ত ভরাট করা হচ্ছে। পরে বরাদ্দ পেলে তাঁরা দরপত্র আহ্বানের মাধ্যমে মূল কাজ শুরু করবেন।সংশ্লিষ্ট পরিবহনমালিক ও শ্রমিকেরা জানিয়েছেন, কক্সবাজার-আরাকান মহাসড়ক দিয়ে কক্সবাজার ছাড়াও বান্দরবান, চন্দনাইশ, পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগাড়ার যানবাহন চলাচল করে। বাস, কোস্টার, ট্রাক, লরিসহ ছোট-বড় বিভিন্ন ধবনের প্রায় ৩০ হাজার যানবাহন প্রতিদিন এসব পথে চলাচল করে থাকে। ঈদে ঘরমুখো মানুষের কারণে সামনের ১৫ দিন যানবাহনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু মহাসড়কটির ৩৫ কিলোমিটার নষ্ট হয়ে পড়েছে। এর মধ্যে অন্তত ২০টি স্থানে ভেঙেচুরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।একইভাবে চট্টগ্রাম থেকে আনোয়ারা, চন্দনাইশ ও বাঁশখালীতে পিএবি সড়কটিও খানাখন্দের কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সরজমিনে দেখা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বড় জায়গা নিয়ে ভেঙে যাওয়া ও দেবে যাওয়া অংশগুলোয় শুধু ইট ফেলা হচ্ছে। ইটের ওপর কোনো বিটুমিন বা পাথর দেওয়া হচ্ছে না। শুধু ছোট ছোট গর্তগুলোয় কংক্রিট দিয়ে এর ওপর বিটুমিন দেওয়া হচ্ছে। ফলে সড়ক স্থানে স্থানে উঁচু-নিচু হয়ে যাচ্ছে। এ ছাড়া বৃষ্টি নামলে জায়গাটি কর্দমাক্ত হয়ে যাচ্ছে।বিষয়টি স্বীকার করে সড়ক ও জনপথ বিভাগ দোহাজারির নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান বলেন, টাকা নেই। তাই সড়ক মেরামত কাজে এত দিন হাত দেওয়া যায়নি। টাকার অভাবে কক্সবাজার সড়কের ৩৫ কিলোমিটারের মেরামতের কাজ আটকে রয়েছে। এখন যে কাজ চলছে, তা কেবল সাময়িক মেরামত, যাতে গর্তগুলো অন্তত ঢেকে দেওয়া যায়। তিনি জানান, বৃষ্টি শেষ হলে বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে মূল কাজ করা হবে।সরেজমিনে দেখা গেছে, পটিয়ার বাদামতল থেকে পৌর এলাকার ইন্দ্রপোল পর্যন্ত পাঁঁচ কিলোমিটার সড়কের অবস্থা খুবই নাজুক। এ ছাড়া পটিয়া সদর, চন্দনাইশের রৌশন হাট ও বিজিসি ট্রাস্টের সামনে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একইভাবে চকরিয়া, সাতকানিয়া ও লোহাগাড়া এলাকায়ও সড়কে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।পটিয়ায় বাসচালক নুরুল আলম প্রথম আলোকে বলেন, বিশেষ করে, ইন্দ্রপোল থেকে বাদামতল পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত এবং অনেক স্থানে সড়কের দুই পাশ ভেঙে সড়ক সংকুচিত হয়ে যাওয়ায় যানজটে পড়তে হয়। একটু এদিক-ওদিক করলে গাড়ি উল্টে দুর্ঘটনায় পড়তে হয়। এ ছাড়া এক্সেল ভেঙে গাড়ি বিকল হচ্ছে। এর মধ্যে কিছু কিছু অংশ ইটের বড় বড় টুকরো ফেলে ভর্তি করা হয়েছে। কিন্তু তাতে চাকা বিকল হয়ে যাওয়ার আশঙ্কা বেশি।এ প্রসঙ্গে চট্টগ্রাম কক্সবাজার বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, সওজ এত দিন কোনো কাজ না করে এখন তড়িঘড়ি করে ইট ফেলে রাস্তা মেরামত করছে। এটি যানবাহনের জন্য আরও খারাপ হচ্ছে।এদিকে চট্টগ্রাম পিএবি সড়কের (আনোয়ারা, বাঁশখালী ও চন্দনাইশ সড়ক) অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। চট্টগ্রাম থেকে আনোয়ারা পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কের ছয় কিলোমিটারজুড়ে বড় বড় গর্ত। ফাজিল খাঁর হাট, কোরিয়ান ইপিজেড এলাকা, দৌলতপুর, মিয়া বাজার ও চৌমুহনী এলাকায় এই সড়কটি সবচেয়ে খারাপ। এখানেও ছোট-বড় ইটের টুকরো ফেলে জোড়াতালির মেরামত চলতে দেখা গেছে।সওজের উপসহকারী প্রকৌশলী বলদেব চাকমা বলেন, ‘রাস্তা অনেক আগেই নষ্ট হয়েছে। এখন সাময়িকভাবে ঈদে ঘরমুখো মানুষের উপযোগী করে দেওয়ার জন্য কাজ করছি। পরে টাকা পেলে দরপত্রের মাধ্যমে কাজ করতে হবে।’