জোড়াতালিতে ঝুঁকিপূর্ণ নয় সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের গোমাই বাউসী সেতু। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
নেত্রকোনায় কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের গোমাই বাউসী সেতু। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

নেত্রকোনার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের ৯টি বেইলি সেতুই দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এর মধ্যে দুটি সেতুতে প্রায় দেড় হাজারের মতো জোড়াতালি রয়েছে। যেকোনো সময় সেতু ভেঙে দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রী ও গাড়িচালকেরা। তবুও সংস্কারের কোনো উদ্যোগ নেই সওজের।

সওজ সূত্রে জানা গেছে, নেত্রকোনার ঠাকুরাকোনা-কলমাকান্দা ২১ কিলোমিটার সড়কে ৯টি বেইলি সেতু রয়েছে। এগুলোর মোট দৈর্ঘ্য প্রায় পৌনে ৪০০ মিটার এবং প্রতিটির প্রস্থ ১২ ফুট করে। প্রয়োজনীয় সংস্কার না করায় আশির দশকের প্রথম দিকে নির্মিত এ সেতুগুলো বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এর মধ্যে বাউসি কংস নদের ওপর নির্মিত বাউসি ও গোমাই নদের ওপর নির্মিত গোমাই সেতু দুটি বেশি ঝুঁকিপূর্ণ।

১ আগস্ট বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, বাউসি সেতুর ওপর লাগানো বিভিন্ন স্থানে পাটাতন সরে ফাঁক হয়ে গেছে। যানবাহন ওই ফাঁকা অংশ এড়িয়ে চলার চেষ্টা করছে। পাটাতনের বাকি অংশেও একই দশা। গুনে দেখা গেছে, পুরো সেতুতে ৮৬২টি জোড়াতালি রয়েছে। আর গোমাই সেতুতে ৫৮৬টি জোড়াতালি আছে। ভাঙা অংশে সওজের লোকজন একের পর এক জেড়াতালি দেওয়ায় এ অবস্থা হয়েছে।

সড়ক বিভাগ বলছে, এই সেতুগুলো মেরামত করে চালু রাখতে তাদের বছরে ১০ থেকে ১২ লাখ টাকা খরচ হচ্ছে। গত বছর এ খাতে প্রায় ১১ লাখ টাকার মতো খরচ হয়েছে। রুটিন মাফিক কাজের অংশ থেকে এ টাকা ব্যয় করা হয়।

এদিকে সেতুগুলো সরু হওয়ায় এগুলোর ওপর দিয়ে একসঙ্গে একাধিক বড় যান এমনিতেও চলতে পারে না। একটি ট্রাক বা বাস সেতু দিয়ে যাওয়ার সময় অপর পাশের যানচালকেরা অপেক্ষা করেন কখন ওই বাস বা ট্রাকটি নামবে। প্রায় দুই যুগ ধরে এভাবেই এই সেতুগুলো দিয়ে যান চলাচল করছে।

অপরদিকে, জেলার গুরুত্বপূর্ণ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কটি দেড় বছর ধরে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দুর্গাপুর উপজেলার লোকজন কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়ক দিয়েই চলাচল করছে। এ ছাড়া সুনামগঞ্জের তাহিরপুর ও ধরমপাশা উপজেলার বেশ কিছু মানুষকে এ সড়ক দিয়েই চলাচল করতে হয়। প্রতিদিন এই সড়ক দিয়ে দুর্গাপুর, কলমাকান্দাসহ পাশের ধরমপাশা, তাহিরপুরের প্রায় ১৫ হাজারের মতো মানুষ যাতায়াত করে। স্কুল-কলেজে যাওয়া-আসা করে কয়েক শ শিক্ষার্থী। এ ছাড়া প্রতিদিন শতাধিক পর্যটক কলমাকান্দা ও দুর্গাপুরে আসেন। কিন্তু সেতুগুলোর এ দুরবস্থায় তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বাউসি সেতুর ওপর দিয়ে চলাচলকারী ইজিবাইকের চালক বড়পারুয়া গ্রামের বাসিন্দা এমদাদুল হক ক্ষোভের সঙ্গে বলেন, ‘কইয়া আর কিতা অইব ভাই, এই বিরিজডির মেলা জায়গায় ফাঁক অইয়া গ্যাছেগা। হত্তিদিনই (প্রতিদিন) কুনু (কোনো) না কুনু একছিডেন অয়। এইডার দিহে কেউর কুনু নজর নাই।’

ওই সড়কের বাসচালক বজলু মিয়া বলেন, এই রাস্তা দিয়ে তাঁকে প্রতিদিন কলমাকান্দা উপজেলায় যাতায়াত করতে হয়। বাস নিয়ে সেতুর ওপর উঠলেই তা কেঁপে ওঠে।

ময়মনসিংহের ট্রাকচালক রাসেল মিয়া বলেন, ‘গাড়ির লোড বেশি হলে খুব আতঙ্কের মধ্য দিয়ে এই সেতুগুলো পার হতে হয়। যেকোনো সময় এগুলো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।’

কলমাকান্দা সদরের জাফর উল্লাহ মোটরসাইকেল নিয়ে নেত্রকোনা শহর থেকে বাড়ি ফিরছিলেন। গোমাই সেতুটি পার হয়ে মোটরসাইকেল থামিয়ে বলেন, ‘সেতুটির অনেক পাটাতনের সংযোগস্থল ক্ষয় হয়ে ধারালো ও পিচ্ছিল হয়ে গেছে। ধারালো অংশে লেগে যানবাহনের চাকা অনেক সময় ফেটে যায়। পিচ্ছিল অংশে লেগে দুর্ঘটনায় পড়তে হয়। তাই সেতুটি পার হওয়ার সময় গতি ধীর করে সাবধানে পার হতে হয়।’

বাউসি সেতুর পাশের গ্রাম চরপাড়া। এই গ্রামের বাসিন্দা আরিফুল হক বলেন, ‘সেতুটি দিয়ে প্রতিদিন শত শত মালবোঝাই ট্রাক, বাস, লরিসহ বিভিন্ন ধরনের ভারী ও হালকা যানবাহন চলাচল করে। এসব মাল বহনকারী ভারী যান চলাচলে প্রায়ই সেতুটির পাটাতন ভেঙে যায়। সওজ কর্তৃপক্ষ তখন সেই ভাঙা অংশে দায়সারাভাবে কয়েকটি জোড়াতালি লাগিয়ে কোনোমতে চলাচলের ব্যবস্থা করে দেয়। এভাবে সেতুর গায়ে জোড়াতালি বেড়ে বর্তমানে প্রায় হাজারের মতো হয়ে গেছে।’

কলমাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রফিকুজ্জামান বলেন, এ সেতুগুলোর ওপর দিয়ে প্রতিদিন প্রায় ১৫-২০ হাজার মানুষ চলাচল করে। সেতুগুলো ১৫ বছর ধরে খুবই হুমকির মুখে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিভিন্ন সভা-সেমিনারেও সুযোগ পেলে তা নিয়ে বলা হচ্ছে। তবুও সংস্কারের কোনো উদ্যোগ নেই সওজের। দ্রুত এ সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

নেত্রকোনা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, এই বেইলি সেতুগুলোর ওপর সাত টনের বেশি মালামাল নিয়ে যান চলাচল করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু কেউই শুনছে না। ৩০ থেকে ৩৫ টনের মতো ভেজা বালু নিয়ে ট্রাকও যাচ্ছে। ফলে মাঝেমধ্যে পাটাতন ভেঙে যায়। তিনি আরও বলেন, বেইলি সেতুর পরিবর্তে এখানে পাকা সেতু করার পরিকল্পনা করা হচ্ছে। এতে ওই ২১ কিলোমিটার রাস্তা প্রশস্তকরণসহ ৯টি ও নতুন করে ৩টি মোট ১২টি সেতু নির্মাণে ২৬৪ কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরা হচ্ছে। কবে নাগাদ চূড়ান্ত হবে, তা এখনো বলা যাচ্ছে না।