জোড়াতালির প্ল্যাটফর্ম, ভবনও বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ রেল জংশন। ঐতিহ্যবাহী এ রেলস্টেশনটিতে দীর্ঘদিনেও আধুনিকতার ছোঁয়া লাগেনি। স্বাধীনতার পর থেকেই এখানে কোনো সংস্কার ও উন্নয়নকাজ করা হয়নি। জংশনের প্ল্যাটফর্মগুলো জোড়াতালি দিয়ে চলছে। বিভিন্ন ভবনের অবস্থাও নাজুক। একমাত্র পদচারী সেতু জরাজীর্ণ হয়ে পড়েছে।

রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনি, মধ্যপাড়া কঠিন শিলাখনি, ২৫০ মেগাওয়াট কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র, পার্বতীপুর উত্তর-পশ্চিম মৎস্য সম্প্রাসারণ প্রকল্প, রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা), পার্বতীপুর রেল হেড অয়েল ডিপো, রেলওয়ে ডিজেল কারখানা, পার্বতীপুর বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস ও বিদেশি মিশনারি পরিচালিত ল্যাম্ব হাসপাতালের কারণে পার্বতীপুর জংশনে দেশি-বিদেশি যাত্রীদের আনাগোনা বেড়েছে।

রেল সূত্রে জানা যায়, ১৩ হাজার ৯৪২ বর্গফুট আয়তনের রেলওয়ে জংশনটি স্থাপিত হয় ১৮৭৯ সালে। বর্তমানে আন্তনগর ট্রেনসহ প্রতিদিন ৫২টি যাত্রীবাহী ট্রেন ঢাকা, চিলাহাটি, পঞ্চগড়, খুলনা, রাজশাহী, রংপুর, লালমনিরহাট, বুড়িমারী, বগুড়া ও সান্তাহার এবং কাউনিয়া-কুড়িগ্রাম হয়ে চিলমারী (রমনাবাজার) যাতায়াত করে। প্রতিদিন এই স্টেশন হয়ে প্রায় ৩০ হাজার যাত্রী যাতায়াত করেন। তবে ইঞ্জিন, যাত্রীবাহী কোচ, লোকোমোটিভ মাস্টার, গার্ডসহ অন্যান্য জনবলের অভাবে ২৪টি ট্রেন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ব্রডগেজ, মিটারগেজ ও ডুয়েলগেজ রেললাইন মিলে জংশনে ৫টি প্ল্যাটফর্ম রয়েছে।

কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, প্ল্যাটফর্মগুলো নিচু ও খানাখন্দ থাকায় ট্রেনে ওঠানামা করতে কষ্ট হয়। সম্প্রতি জোড়াতালি দিয়ে প্ল্যাটফর্মের কিছু স্থানে সংস্কারকাজ করা হয়েছে। ৩, ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের কোনোটিতে পর্যাপ্ত যাত্রীছাউনি নেই। জংশনের একমাত্র পদচারী সেতুর অবস্থাও জরাজীর্ণ। প্ল্যাটফর্মে সুপেয় জলের ব্যবস্থা নেই। কোনো অনুসন্ধান বা তথ্যকেন্দ্র না থাকায় অনেকেই সমস্যায় পড়েন। স্টেশনের সীমানাপ্রাচীর না থাকায় ছিনতাইকারীরা অপরাধ সংঘটনের পর নির্বিঘ্নে পালিয়ে যায়। আসনসংখ্যা কম হওয়ায় ঢাকাগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। রেলওয়ে জংশন এলাকায় প্রায় প্রতিটি লাইনেই ঘাস থাকায় গবাদিপশু অবাধে বিচরণ করে। স্টেশনটির বিভিন্ন স্থান নোংরা-আবর্জনায় ভরা। পণ্যবাহী ট্রেনের মালামাল ওজনের জন্য একমাত্র মেশিনটি দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে। এ ছাড়া রেলওয়ে জংশনের পূর্ব পাশ ঘিরে গড়ে উঠেছে কয়েকটি অবৈধ চোলাই মদের দোকান।

পার্বতীপুর রেলস্টেশনের মাস্টার শোভন রায় বলেন, জংশনের বিভিন্ন ভবনের অবস্থা অত্যন্ত নাজুক। সীমানাপ্রাচীর না থাকা ও প্রয়োজনীয় বৈদ্যুতিক বাতির অভাবে সন্ধ্যার পর অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। নিরাপত্তাব্যবস্থা জোরদার, যাত্রীসেবার মান বৃদ্ধি, ভবনগুলো আধুনিকায়ন করে ট্রেনে চোরাচালান বন্ধ করতে পারলে সাধারণ মানুষ আরও ট্রেনমুখী হবে। এখান থেকে প্রতিবছর ৭ কোটিরও বেশি টাকা রাজস্ব আসছে। স্টেশন আধুনিকায়ন করে যাত্রীসেবার মান বৃদ্ধি করতে পারলে আয় আরও বৃদ্ধি পাবে।