জোড়াতালির সংস্কার টিকছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ী সড়কের অন্তত ১০ কিলোমিটার অংশ। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সড়কটি ইট ও বালু দিয়ে সংস্কার করা হচ্ছে। কিন্তু বৃষ্টিতে জোড়াতালির এ সংস্কার টিকছে না। বেড়েছে যাত্রীদের ভোগান্তি। এটি উপজেলার প্রধান সড়ক।
গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, সড়কটির সেনবাগ রাস্তারমাথা থেকে গাজির হাট মোড় পর্যন্ত বেহাল হয়ে পড়েছে। বেশির ভাগ অংশের পিচঢালাই উঠে গেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সড়কের সেনবাগ রাস্তারমাথা থেকে উপজেলা সদর পর্যন্ত কিছু কিছু গর্তে ইটের খোয়া আর বালু ফেলে সাময়িক সংস্কার করা হচ্ছে।
কথা হয় অটোরিকশাচালক জসিম উদ্দিনের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, গত দুই-তিন বছর ধরে শোনা যাচ্ছে সড়কটি সংস্কার করা হবে। কিন্তু কাজের কিছুই হয়নি। সড়কের কারণে প্রতিদিনই গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
এই সড়কে চলাচলকারী সেনবাগ রাস্তারমাথা এলাকার বাসিন্দা আবদুর রহিম ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কটি এখন চলাচলের উপযোগী নেই। ঝাঁকুনি খেতে খেতে পথ চলতে হয়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের ১৪ কিলোমিটার (সোনাইমুড়ী চৌরাস্তার মোড় থেকে গাজির হাট মোড়) অংশের সংস্কারকাজ প্রায় দুই মাস আগে শুরু হয়েছে, যা শেষের দিকে এসে বৃষ্টির কারণে আটকে গেছে। বাকি ১০ কিলোমিটার সড়কের (গাজির হাট মোড় থেকে সেনবাগ রাস্তারমাথা) সংস্কার কাজের জন্য ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ করা হয়েছে।
সওজের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, আগে যানবাহনের চলাচলের সুবিধার্থে বর্তমানে বড় বড় গর্তগুলো ইটের খোয়া ও বালু দিয়ে ভরাট করে দেওয়া হচ্ছে। শিগগিরই মূল সংস্কারকাজ শুরু হবে।