
সাম্প্রতিক অতিবর্ষণে দেড় শ কিলোমিটার দৈর্ঘ্যের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অনেক স্থানের অবস্থা বেহাল হয়ে পড়েছে। পিচঢালাই উঠে গিয়ে অসংখ্য স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। এ কারণে গন্তব্য পৌঁছাতে অন্তত দেড় গুণ বেশি সময় লাগছে। সড়কের পটিয়া অংশে জোড়াতালির সাময়িক সংস্কারেও চালক ও যাত্রীদের ভোগান্তি দূর হয়নি। সাতকানিয়ায় অসংখ্য গর্তের কারণে হেলেদুলে যানবাহন চলছে। খানাখন্দের কারণে চকরিয়ার অনেক জায়গাতেই মহাসড়কে যানজট লেগে আছে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
পটিয়ায় জোড়াতালির সংস্কারে ধীরগতি: চলতি বর্ষায় ভারী বৃষ্টিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ২৯ কিলোমিটার অংশে বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়। বৃষ্টি কমার পর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সম্প্রতি এসব গর্তের সাময়িক মেরামত শুরু করেছে। বেশির ভাগ গর্তই ইতিমধ্যে ভরাট করা হয়েছে। তবে সাময়িক সংস্কারের কারণে সড়ক উঁচু-নিচু হয়ে যাওয়ায় যানবাহনকে ধীরগতিতে চলতে হচ্ছে। সড়কের মইজ্জারটেক থেকে কলেজ বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার অংশে এখনো মেরামত কাজ শেষ হয়নি।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, মইজ্জারটেক থেকে কলেজ বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার অংশে সড়কজুড়ে বিভিন্ন স্থানে খানাখন্দ। টুকরো টুকরো ইট ও বিটুমিন দিয়ে সেগুলো সংস্কারের কাজ চলছে। বৃষ্টিতে ভেল্লাপাড়া সেতুর পূর্ব-উত্তর অংশে প্রায় ৩০ মিটার দৈর্ঘ্য দেবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভাঙন ঠেকাতে সেখানে বালুর বস্তা দিয়ে রাখা হয়েছে। সংস্কারের পরও পটিয়ার আমজুর হাট, মনসা চৌমুহনী থেকে শান্তির হাট পর্যন্ত, ভেল্লাপাড়া সেতুর পশ্চিমে, ডাকবাংলো মোড়সহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হলে সড়কের নিচু এলাকায় পানি জমে থাকে।
পটিয়ার বাসচালক সামশুল আলম বলেন, সংস্কার হলেও সড়ক মসৃণ না হওয়ায় গাড়ি চলতে গিয়ে ঝাঁকুনি খেতে হয়। মইজ্জারটেক থেকে কলেজ বাজার পর্যন্ত এলাকায় ঝুঁকি নিয়ে এবং ধীরগতিতে গাড়ি চালাতে হয়। স্থায়ী মেরামত না হওয়ায় ভারী বৃষ্টি হলে সাময়িক মেরামত করা স্থানগুলোয় আবারও গর্তের সৃষ্টি হবে বলে আশঙ্কা করেন তিনি।
দোহাজারী বিভাগের নির্বাহী প্রকৌশলী তোফায়েল মিয়া বলেন, বৃষ্টিতে সৃষ্ট গর্তগুলো বিভিন্ন সময়ে মেরামত করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হচ্ছে।

সাতকানিয়ায় গাড়ি চলে হেলেদুলে: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী দেওয়ান হাট থেকে সাতকানিয়ার ঠাকুরদিঘি পর্যন্ত অংশের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার। এই অংশের বিভিন্ন স্থানে অসংখ্য গর্ত ও খানাখন্দের কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।
গত শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মহাসড়কের দোহাজারী বাসস্ট্যান্ড এলাকার প্রায় আধা কিলোমিটার অংশে পিচঢালাই উঠে গেছে। স্থানে স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত। সড়কের পশ্চিম পাশে পানি জমে সৃষ্টি হয়েছে ডোবা। এ ছাড়া মৌলভির দোকান, জাফর আহমদ চৌধুরী কলেজ গেট, তেমুহানি, কেরানীহাট, হাসমতের দোকান, মিঠাদিঘি, মিঠার দোকান, শিশুতল এলাকায়ও খানাখন্দে ভরা। মহাসড়কের এসব এলাকায় গাড়ি চলছে হেলেদুলে।
মহাসড়কে চলাচলকারী সৌদিয়া পরিবহনের চালক মো. মাহবুবুল আলম বলেন, সামান্য বৃষ্টি হলেই সড়কের গর্তগুলো পানিতে ডুবে যায়। এ সময় খুব সাবধানে গাড়ি চালাতে হয়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দোহাজারী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ কুতুব উদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন, বৃষ্টির কারণে সংস্কারকাজ পুরোপুরি করা সম্ভব হচ্ছে না। বৃষ্টি কমে গেলে দরপত্র আহ্বানের মাধ্যমে নতুন করে সংস্কার কাজ শুরু করা হবে।
লোহাগাড়ায় রাজঘাটা সেতুটি ঝুঁকিতে: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার টংকাবতী খালের ওপর নির্মিত রাজঘাটা সেতুটি ঝুঁকির মুখে পড়েছে। অতিবৃষ্টিতে সেতুটির এক পাশের মাটি সরে গেছে। দুর্ঘটনা এড়াতে সেতুটির উভয় পাশে দ্রুত সংস্কার করা জরুরি মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী বলেন, প্রতি বছর বর্ষার সময় টংকাবতী খালের পানির স্রোতে সেতুটির গোড়ার মাটি সরে যায়। সড়ক ও জনপথ বিভাগ শুধু সামান্য গাছের গুঁড়ি ও বালু দিয়ে গর্তগুলো ভরাট করে দেয়।
এ বিষয়ে সওজ দোহাজারী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. তোফায়েল মিয়া প্রথম আলোকে বলেন, সাময়িকভাবে গাছের গুঁড়ি ও বালু দিয়ে সেতুটি রক্ষার চেষ্টা করা হচ্ছে। স্থায়ী সংস্কারের জন্য আপাতত অর্থ বরাদ্দ নেই।
সড়কের চকরিয়া অংশে গর্তে ভরা: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলা অংশে দুই শতাধিক খানাখন্দের কারণে বিভিন্ন স্থানে যানজট লেগে থাকছে।
চট্টগ্রাম-কক্সবাজার রুটের বাসের চালক নবাব মিয়া (৫৪) বলেন, পুরো মহাসড়কই খানাখন্দে ভরা। চট্টগ্রাম থেকে কক্সবাজারে আগে তিন ঘণ্টায় পৌঁছালেও এখন সাড়ে চার থেকে পাঁচ ঘণ্টা লাগছে।
সরেজমিনে দেখা যায়, চকরিয়া উপজেলার শহীদ আব্দুল হামিদ বাসটার্মিনাল এলাকায় অন্তত ৩০টির বেশি ছোট-বড় গর্ত রয়েছে। গর্তের কারণে টার্মিনাল এলাকায় গাড়ির জট লেগে রয়েছে। এ ছাড়া ভাঙারমুখ, মৌলভিরকুম বাজার, ছগিরশাহ কাটা, মালুমঘাট, সাফারিপার্ক গেট, ডুলাহাজারা, খুটাখালী বাজার ও নতুন অফিস এলাকায় অন্তত ২০০ গর্ত রয়েছে। এসব গর্তে গাড়ির চাকা পড়ে বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। বৃষ্টি হলে গর্তে পানি জমছে। দ্রুতগতির গাড়ির চাকা গর্তে পড়লেই ময়লা পানি ছিটকে সড়কের পাশের দোকানে ঢুকে পড়ছে।
সওজ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, চকরিয়ার আজিজনগর থেকে কক্সবাজারের লিংক রোড পর্যন্ত সড়কের সংস্কার কাজ চলছে। ঈদের আগে মহাসড়কে কোনো গর্তই থাকবে না।
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী গর্তগুলো স্থায়ী ভরাটের দাবি জানিয়েছেন।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়া (চট্টগ্রাম) ও চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি)