জোড়াতালির হাসপাতাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার ১৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান সরকারি প্রতিষ্ঠান সদর হাসপাতালের সেবা-কার্যক্রম চলছে জোড়াতালি দিয়ে। ১০০ শয্যার হাসপাতালটিতে শুধু খাবার ছাড়া চিকিৎসকসহ প্রয়োজনীয় লোকবল ও উপকরণ ৫০ শয্যা হিসেবেই এখনো বহাল রয়েছে। গত ৩০ মে সরেজমিনে হাসপাতালে অবস্থানকালে রোগী ও তাঁদের আত্মীয়স্বজনদের দুর্ভোগ চোখে পড়ে। সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বহির্বিভাগের চিকিৎসকদের চিকিৎসা দেওয়ার কথা থাকলেও একই দিন সাড়ে আটটায় বহির্বিভাগে রোগীদের চিকিৎসার জন্য দুটি কাউন্টারে টিকিট দেওয়া শুরু হয়। নয়টায় আসেন ডেন্টাল সার্জন জয়নাল আবেদীন। এরপর নয়টা পাঁচ মিনিটে ২১২ নম্বর কক্ষে রোগী দেখতে শুরু করেন ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা সহকারী রবিউল ইসলাম। সোয়া নয়টা থেকে চিকিৎসক কর্মকর্তা মাসুদ রানা রোগী দেখা শুরু করেন। আন্তবিভাগ পরিদর্শন শেষে পর্যায়ক্রমে ১০টায় বিশেষজ্ঞ চিকিৎসক মাহবুবুর রহমান মিলন, সোয়া ১০টায় মেডিসিন বিশেষজ্ঞ আবুল হোসেন, সাড়ে ১০টায় পরিতোষ কুমার ঘোষ, পৌনে ১১টায় রেডিওলজিস্ট সেলিমা আক্তার রোগী দেখতে শুরু করেন। হাসপাতালের বহির্বিভাগে অপেক্ষমাণ দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের শিউলী খাতুন (২৫) বলেন, ‘চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি হই। হাসপাতালে ভর্তিরত অবস্থায় আমাকে শহরের ইমপ্যাক্ট হাসপাতালে নিয়ে ৪০ হাজার টাকায় অপারেশন করান এক চিকিৎসক। এর পরও আমি আশানুরূপ সুস্থ হয়ে উঠতে পারেনি।’ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. আলি হোসেন জানান, ধার করা চিকিৎসক দিয়ে জরুরি বিভাগ পরিচালনা করা হচ্ছে। তিনজন চিকিৎসক কর্মকর্তার পদ শূন্য রয়েছে দীর্ঘদিন। বহির্বিভাগের চিকিৎসকদের দেরিতে রোগী দেখার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বহুবার সতর্ক করেও কোনো লাভ হয়নি।