জোয়ার এলেই পানিবন্দী চার হাজার পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমাবস্যার প্রভাবে মেঘনা-তেঁতুলিয়া নদীর জোয়ারের উচ্চতা ও ঢেউ বৃদ্ধি পেয়েছে। বর্ষাকাল এসে গেলেও ক্ষতিগ্রস্ত ২৮ কিলোমিটার বাঁধের কাজ সম্পূর্ণ শেষ হয়নি। তাই ভোলার বিভিন্ন উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় চার হাজার পরিবার রাত-দিন মিলে ১২ ঘণ্টা পানিবন্দী থাকছে। চার দিন ধরে জোয়ার-ভাটার সঙ্গে তাল মিলিয়ে এ অবস্থা চলছে। গত ১২ জুন থেকে জোয়ারের উচ্চতা আরও বাড়ায় সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ২০০ পরিবার, রাজাপুর ইউনিয়নের ২৫০ পরিবার, দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ২২০, সৈয়দপুর ইউনিয়নের ২৫০, বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ১৫০, পক্ষিয়া ইউনিয়নের ১২০ এবং হাসাননগর ইউনিয়নের ২০০, লালমোহন উপজেলায় ধলী গৌরনগর ইউনিয়নের ২৫০ ও লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ২১০ পরিবার এবং চরফ্যাশন উপজেলায় চর মাদ্রাজ ইউনিয়নের ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়ছে। এ ছাড়া অনেক ইউনিয়ন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ও বাঁধ নেই। সব মিলিয়ে প্রায় চার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ছে। গত সোমবার দৌলতখানের ভবানীপুর ও বোরহানউদ্দিনের আলীমুদ্দিন এলাকা ঘুরে দেখা যায়, পানিবন্দী মানুষেরা ঘর ছেড়ে সড়ক ও পুরাতন বাঁধের ওপর এসে ভিড় করেছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। ভবানীপুরের বাবুল চন্দ্র শীল বলেন, ‘এ অবস্থায় তিন দিন ধরে স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে ঘর ছেড়ে সড়কে এসে আশ্রয় নিয়েছি।’ গত রোববার কাচিয়া ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বন্যানিয়ন্ত্রণের জন্য বিকল্প বাঁধ নির্মাণ করা হচ্ছে। বাঁধে নামমাত্র মাটি ফেলা হয়েছে। বিভিন্ন স্থানে ধসে ও ফেটে যাচ্ছে সেই সরু বাঁধ। বাঁধের বালুমাটি ধুয়ে যাচ্ছে। গত রোববার কাচিয়া ইউনিয়নের দ্বারাবাড়ী এলাকার মো. সলেমান হাওলাদার (৫৪) জানান, বাঁধের কাজ বন্ধ আছে মাটির অভাবে। বাঁধ নির্মাণের কাজ শেষ না হতেই জোয়ারের উচ্চতা ও ঢেউ বেড়ে গেছে। ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শেখ ফরিদ বলেন, ‘বিকল্প বাঁধ নির্মাণ কোনো ছোট বাজেটের কাজ নয়। বাজেট পাওয়া না গেলে কাজ শুরু করা যায় না। এদিকে বর্ষা ও জোয়ারের পানিতে জমি ডুবে গেছে। মাটি পাওয়া যাচ্ছে না। তার পরও চেষ্টা করছি, আগামী এক মাসের মধ্যে বাঁধ নির্মাণের কাজ শেষ করতে।’