জোয়ারাধার নির্মাণ নিয়ে জটিলতা ভবদহে ফের জলাবদ্ধতার শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ভবদহ এলাকার বিল কপালিয়ায় জোয়ারাধার (টিআরএম-টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালু করা নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে ফের জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, ক্ষতিপূরণ না দিয়ে বিলটিতে জোয়ারাধার নির্মাণ শুরু করতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে পাউবোর কর্মকর্তারা বলছেন, বিলের কিছু ঘেরমালিক তাঁদের স্বার্থে জোয়ারাধারের বিরুদ্ধে কৃষকদের বিক্ষুব্ধ করে তুলছেন। এ কারণে জোয়ারাধার নির্মাণের কাজ শুরু করা যাচ্ছে না। পাউবো সূত্র জানায়, জোয়ারের সঙ্গে আসা পলি বিলে ফেলে বিল উঁচু করার পাশাপাশি নদীর নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে ২০০৬ সালে কেশবপুর উপজেলার পূর্ব বিল খুকশিয়ায় তিন বছর মেয়াদি জোয়ারাধার চালু করা হয়। প্রকল্পের আওতায় উপজেলার ডায়েরখালি ও গোরসয়াল নামক স্থানে কেটে (কাটিং পয়েন্ট) বিলের সঙ্গে হরি নদীর সংযোগ দেওয়া হয়। প্রকল্প চলাকালে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেবে বলেও সিদ্ধান্ত নেয় পাউবো। ২০০৮ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও এখনো তা চলছে। বিলের বেশির ভাগ কৃষক ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ডায়েরখালি কাটিং পয়েন্ট বেঁধে দিয়েছে পাউবো। গোরসয়াল কাটিং পয়েন্ট বেঁধে দেওয়ার জন্য ঠিকাদার নিয়োগ করেছে পাউবো। সূত্র আরও জানায়, ২০১১ সালের জানুয়ারিতে বিল কপালিয়ার ৭৫০ হেক্টর জমিতে জোয়ারাধার চালুর চেষ্টা চালায় পাউবো। এ জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের টাকা অগ্রিম দিতে জেলা প্রশাসনকে ওই সময় তিন কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেয় পাউবো। এরপর হঠাৎ করে থেমে যায় সব কার্যক্রম। পরে আরও ১২ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ৫ মে যশোর-৬ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাব ও যশোর-৫ আসনের সাংসদ খান টিপু সুলতান বিল কপালিয়ায় জোয়ারাধার কার্যক্রম উদ্বোধন করেন।মনিরামপুরের কপালিয়া গ্রামের কৃষক রবিন সরকার বলেন, টিআরএম হরি বিলে হবে না। পাউবো ক্ষতিপূরণের টাকা নিয়ে কৃষকের সঙ্গে টালবাহানা করছে। অভয়নগরের কালিশাকুল গ্রামের সুমন রায় অভিযোগ করেন, ‘আমি ২৬ শতক জমির দুই বছরের ক্ষতিপূরণ বাবদ ১৩ হাজার ১২৫ টাকার চেক পেয়েছি। কিন্তু ব্যাংকে জমা দিতে গেলে তা জমা নিচ্ছে না। এ রকম হলে আমি জমি দেব না।’পাউবো, মনিরামপুর উপবিভাগের প্রকৌশলী মোফাজ্জল হোসেন বলেন, ‘বিল এলাকার অবস্থা ভালো নয়। ভয়ে আমরা এলাকায় গিয়ে কাজ শুরু করতে পারছি না। সামনে বর্ষা মৌসুম। এখন কাজ শুরু করা না গেলে বর্ষার আগে শেষ করা যাবে না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।’অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহুরুল হক বলেন, ক্ষতিপূরণের টাকার কাগজপত্র তৈরি করে দেওয়া হচ্ছে। কাগজপত্র অনুসারে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা চেক ইস্যু করছেন। চেক ব্যাংকে জমা দিলেই পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যে টাকা পাওয়া যাবে।পাউবো, যশোরের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন, বিল কপালিয়ায় জোয়ারাধার করতে দুই বছর ধরে চেষ্টা চলছে। কিন্তু এলাকার কিছু ঘেরমালিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষকে দিয়ে জোয়ারাধার করতে বাধা দিচ্ছেন। জোয়ারাধার ছাড়া ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসন মোটেও সম্ভব নয়। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের দুই বছরের ক্ষতিপূরণের টাকা অগ্রিম দিতে বেশ আগেই জেলা প্রশাসনকে সাড়ে ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিলটিতে অনেক খাস ও অর্পিত সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তিরও ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে। কিন্তু সেটা দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, বিল কপালিয়ায় টিআরএম চালু করা গেলেই বিল পূর্ব খুকশিয়ার কাটিং পয়েন্টটি বন্ধ করে দেওয়া হবে।