যশোরের অভয়নগর উপজেলার ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার সমাধানের জন্য জোয়ারাধার (টিআরএম-টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়ন করা হবে। এ জন্য সময় লাগবে। এই সময়ে শ্রী ও হরি নদ খনন করা হবে। এ অঞ্চলের জলকপাটগুলো (স্লুইসগেট) কার্যক্ষম করা হবে।
গতকাল বৃহস্পতিবার ভবদহ স্লুইসগেট এলাকায় মতবিনিময় সভায় পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এসব কথা বলেন। সভায় বিশেষজ্ঞসহ অন্যান্যের মধ্যে ভুক্তভোগী তিন শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
বেলা পৌনে দুইটার দিকে অনুষ্ঠিত ওই সভায় কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) আব্দুস সামাদ বলেন, বিল খুকশিয়া ১৮ বছর পানির নিচে ছিল। টিআরএম হওয়ায় বিলে এখন ধান, মাছ ও সবজি চাষ হচ্ছে। এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে টিআরএমের বিকল্প নেই।
অভয়নগরের পায়রা ইউপির চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত বলেন, বাড়িঘর থেকে পানি নেমে গেছে। কিন্তু এলাকার এক ইঞ্চি জমিও কৃষিকাজের উপযোগী হয়নি। সেচের মাধ্যমে কিছু জমিতে বোরো চাষ হচ্ছে। টিআরএম ছাড়া এ সমস্যার সমাধান হবে না।
উপজেলা চেয়ারম্যান নূরুল হক মোল্যা বলেন, আমডাঙ্গা খালের কিছু অংশ অধিগ্রহণ করতে হবে। খালটি সংস্কারও করতে হবে। এতে করে এলাকার সাতটি বিলের পানি নিষ্কাশিত হবে।
যশোর-৫ (মনিরামপুর) আসনের সাংসদ স্বপন ভট্টাচার্য বলেন, জলাবদ্ধতার সমস্যা সমাধানে এলাকার নদী ও খাল খনন করতে হবে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘সার্বিকভাবে টিআরএম অনেকটা কার্যকর। ভালো ফলও দিয়েছে। আবার কোথাও কোথাও টিআরএমের ফল হয়েছে উল্টো। এই অঞ্চলে টিআরএম সফল হয়েছে। জলাবদ্ধতা নিরসনে এই মুহূর্তে আমরা বিকল্প পথের কথা ভাবছি।’
মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘পাউবো টিআরএম উদ্ভাবন করেনি; করেছে জনগণ। এই এলাকার বিল ভরত ভায়না, বিল কেদারিয়া ও বিল খুকশিয়ায় টিআরএম হয়েছে। কিন্তু এলাকায় একটা ভুল-বোঝাবুঝির কারণে বিল কপালিয়ায় টিআরএম বাধাগ্রস্ত হয়। আমরা নতুন করে বিল কপালিয়ায় টিআরএম করতে প্রস্তুতি নিতে থাকি। এর মধ্যে বৃষ্টিতে ভবদহ অঞ্চল তলিয়ে যায়। নদী খননের জন্য আমরা একটি খননযন্ত্র দিয়েছিলাম। এতে দুই-দেড় মাসের মধ্যে পানি নেমে গেছে। মানুষ মুক্তি পেয়েছে। টিআরএম আমরা বাস্তবায়ন করব। জমি অধিগ্রহণ করতে সময় লাগবে। এই সময় শ্রী ও হরি নদ খনন করা হবে। আমডাঙ্গা খাল সংস্কার করা হবে। এই অঞ্চলের স্লুইসগেটগুলো কার্যক্ষম করা হবে। তা ছাড়া, নদী থেকে সব মাছ ধরার পাট অপসারণ করা হবে।’
মতবিনিময় সভায় উপস্থিত ভুক্তভোগী নারী-পুরুষের মতামত নেওয়া হয়নি। সেখানে উপস্থিত দামুখালী গ্রামের নির্মল সরকার প্রথম আলোকে বলেন, ‘আমাদের কথা শোনা হলো না। সভায় জলাবদ্ধতা সমস্যা সমাধানে স্পষ্ট বক্তব্য পেলাম না। সমস্যার আমি কোনো সমাধান দেখছি না।’
কালিশাকুল গ্রামের পূর্ণিমা রায় বলেন, ‘ওনাদের কথা শুধু শুনলাম। খুব ভালো লাগেনি।’
সভায় আরও ছিলেন ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) নির্বাহী পরিচালক মো. মনোয়ার হোসেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক মো. জাহাঙ্গীর কবীর, যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবীর।