
যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে আগামী শুষ্ক মৌসুমে টিআরএম (জোয়ারাধার) বাস্তবায়ন শুরু হবে। এলাকার সব খাল উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহজ শর্তে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ জন্য ৩০০ কোটি টাকা লাগবে। পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেছেন।
ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে কারিগরি ও পরিবেশবান্ধব পরিকল্পনা এবং সম্ভাব্যতা সমীক্ষার ফলাফলের ওপর জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী আরও বলেন, টিআরএম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উদ্ভাবন করেনি, করেছে স্থানীয় জনগণ। এর ফলাফলও ভালো। কিন্তু এবার টিআরএম বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তবে প্রক্রিয়া চলছে। আগামী শুষ্ক মৌসুমে তা বাস্তবায়ন শুরু হবে। এ সময়ের মধ্যে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সে জন্য ১ এপ্রিল থেকে নদী খনন শুরু হবে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করে। এতে স্বাগত বক্তব্য দেন বাপাউবোর অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মো. আবদুর রহমান আকন্দ। এরপর সমীক্ষা প্রকল্পের ফলাফলের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের পোর্ট অ্যান্ড ইস্টুয়ারি ডিভিশনের পরিচালক (কোস্ট) মো. জহিরুল হক খান।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, যশোর-৫ আসনের সাংসদ স্বপন ভট্টাচার্য প্রমুখ।
সমীক্ষা প্রকল্পের ওপর আলোচনা করেন ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির, ভবদহ কলেজের অধ্যক্ষ আবদুল মতলেব সরদার, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরল হক মোল্যা প্রমুখ।
সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, ভবদহ এলাকার মানুষের মধ্যে টিআরএম (জোয়ারাধার) হবে কি হবে না, এই সংশয় দেখা দিয়েছে। কারণ, ভবদহ স্লুইসগেট হচ্ছে সোনার ডিম পাড়া রাজহাঁস। এই রাজহাঁস মেরে ফেললে ব্যবসা নষ্ট হবে। তিনি ভবদহ স্লুইসগেটের ২১ কপাট ও নয় কপাটের মধ্য দিয়ে কেটে শ্রী নদীর সরাসরি সংযোগ, বিল কপালিয়ায় প্রস্তাবিত টিআরএমের সময়কাল নির্ধারণ, টিআরএম চলাকালে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া এবং জলাবদ্ধ ভবদহ এলাকার মানুষের জন্য খাদ্য ও চিকিৎসা নিরাপত্তা দেওয়ার দাবি জানান।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন, মাছের ঘেরের মালিকেরা পরিকল্পিতভাবে মাছের ঘের করছেন না। তাঁরা পানিনিষ্কাশনের পথ বন্ধ করে দিচ্ছেন। সরকারি খাল, রাস্তা এমনকি ব্যক্তিমালিকানাধীন জমিও দখল করে দিচ্ছেন। এতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এগুলো বন্ধ করা দরকার। এ সংকট নিরসনে তিনি পানিসম্পদমন্ত্রীকে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক ডাকার অনুরোধ জানান।
পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ওপরের উৎস থেকে মিঠা পানির প্রবাহ নেই। এই কারণে নদী দিয়ে সাগরের নোনা পানি আসছে। জলাবদ্ধতার স্থায়ী সমাধানে গঙ্গা ব্যারাজ নির্মাণ করতে হবে। এতে গড়াই নদ ও হিসনা নদী পুনরুদ্ধার হবে। এই এলাকার অর্থনীতি পাল্টে যাবে।