জোয়ারাধার বাস্তবায়নের দাবিতে অভয়নগরে বিক্ষোভ, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ভবদহের বিল কপালিয়ায় জোয়ারাধার (টিআরএম-টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়ন ও কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করা হয়। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি ও বিল কপালিয়ায় টিআরএম বাস্তবায়ন কমিটির যৌথ উদ্যোগে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় এসব কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে নওয়াপাড়ার স্বাধীনতা চত্বরে বিল কপালিয়ায় জোয়ারাধার বাস্তবায়ন ও কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এতে বক্তব্য দেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ কুমার বাওয়ালি, আশুতোষ বৈরাগী প্রমুখ। সমাবেশের পর বিক্ষোভ মিছিল নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। পরে বিকেল সাড়ে পাঁচটা থেকে প্রায় ৪০ মিনিট নওয়াপাড়া খাদ্যগুদামের সামনে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে। বক্তারা বলেন, বিল কপালিয়ায় জোয়ারাধার হলে ১০ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু তার বিপরীতে প্রায় ২০ লাখ লোক জলাবদ্ধতার অভিশাপ থেকে রক্ষা পাবে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কৃষকদের ক্ষতিপূরণের টাকা দিতে টালবাহানা করছে বলেও অভিযোগ করেন তাঁরা।