জোয়ারে ডুবছে গ্যাংওয়ে, কুয়াকাটার পথে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন ধরে জোয়ারের সময় পানি অস্বাভাবিকভাবে বেড়ে ফেরির গ্যাংওয়ে ডুবে পর্যটনকেন্দ্র কুয়াকাটার সঙ্গে জেলা শহর পটুয়াখালীসহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আবার ভাটায় পানি সরে গেলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হচ্ছে। এ কারণে কুয়াকাটা যেতে লোকজনকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।পটুয়াখালীর কলাপাড়ার রাডার স্টেশন সূত্র জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে বজ্র মেঘের সৃষ্টি হওয়ায় সাগর ও নদ-নদীর পানি জোয়ারের সময় বাড়ছে। সোমবার সকাল ১০টার দিকে জোয়ারের সময় নদী ও সাগরের পানি অস্বাভাবিক বাড়তে থাকে। এ সময় পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কের কলাপাড়া, হাজীপুর ও মহীপুর—এই তিনটি ফেরিঘাটের গ্যাংওয়েসহ সংযোগ সড়ক ডুবে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে কুয়াকাটার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ। ফেরিঘাটগুলোর দুই পাড়ে আটকা পড়ে যানবাহন। ফেরি পারাপারের জন্য যানবাহনগুলোকে ভাটার জন্য অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। প্রতিবছর বর্ষা মৌসুম ছাড়াও দুর্যোগ, অমাবস্যা-পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানি অস্বাভাবিক বাড়লে কুয়াকাটার এই তিনটি ফেরিঘাটে এ অবস্থার সৃষ্টি হয়।সোমবার দুপুরে সরেজমিনে কলাপাড়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ফেরির গ্যাংওয়েসহ সংযোগ সড়ক জোয়ারের পানিতে ডুবে আছে। যাত্রীবাহী বাসসহ যানবাহনগুলো ফেরিতে উঠতে না পারায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় ফেরিঘাটের দুই পাড়ে পর্যটকদের বেশ কিছু গাড়িও আটকা ছিল।ঢাকা থেকে আসা আসাদুজ্জামান নামে এক পর্যটক বলেন, ‘এখানকার ফেরিঘাটের এই দুরবস্থা, জোয়ারের পানিতে ডুবে যাচ্ছে। ভাটায় পানি না সরা পর্যন্ত তাঁদের ফেরিঘাটে অপেক্ষা করতে হবে।’ শুধু কলাপাড়া ফেরিঘাটই নয়, জোয়ারের পানিতে ডুবে যাচ্ছে হাজীপুর ও মহীপুর ফেরিঘাটের গ্যাংওয়ে। এ সময় কুয়াকাটার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ছে। সড়ক ও জনপথ অধিদপ্তর পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার জোয়ারের পানিতে ফেরির গ্যাংওয়ে ও সংযোগ সড়ক ডুবে পর্যটকসহ এই সড়কে চলাচলকারী মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, বর্ষা মৌসুমসহ পূর্ণিমা-অমাবস্যায় জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বাড়ে। তখন ফেরির গ্যাংওয়ে ডুবে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। তিনটি ফেরিঘাটে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কলাপাড়া ও মহীপুরে সেতু নির্মাণকাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তিনটি সেতু নির্মিত হলে এই দুর্ভোগ আর থাকবে না।