জোয়ারে ডুবে থাকে ভোলার ইলিশা ফেরিঘাট
ভোলার ব্যস্ত ইলিশা ফেরিঘাটের পন্টুনের গ্যাংওয়ে জোয়ারের পানিতে ডুবে যায়। ফলে গাড়ি ওঠানামা ব্যাহত হয়। তা ছাড়া ঘাটের সংযোগ সড়ক ভাঙনের মুখে পড়েছে।
গত সোমবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, মেঘনা নদীর তীরের ইলিশা ফেরিঘাটের গ্যাংওয়ের অর্ধেকের বেশি ডুবে আছে। এ সময় কনকচাঁপা নামের ফেরিটি লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ফেরিঘাট থেকে গাড়ি বোঝাই করে এসে ইলিশা ফেরিঘাটে থেমে থাকে। কারণ, গাড়ি নামতে-উঠতে পারছিল না। ফেরিঘাটের পন্টুন অনেক উঁচুতে থাকায় গ্যাংওয়ে খাড়া হয়ে আছে। লোকজন নৌকায় করে ফেরি থেকে নামেন। এ ছাড়া গ্যাংওয়ের শেষ মাথা থেকে পাকা সড়ক পর্যন্ত ১০০ মিটার সংযোগ সড়কটি ভাঙাচোরা। ফেরিঘাটের আশপাশের ৫০০ মিটার মেঘনার তীর সংরক্ষণের জন্য ফেলা বালুভর্তি টেক্সটাইল বস্তার অধিকাংশ ভেসে গেছে। অনেকগুলো ছিঁড়ে গেছে। গত মঙ্গলবার সকালে গিয়েও একই অবস্থা দেখা যায়।
গাড়ির চালকেরা বলেন, ঘাটটি দ্রুত সংস্কার করা দরকার। তা না হলে ঘাটটি নদীতে বিলীন হয়ে যেতে পারে।
মো. জাহাঙ্গীর আলম নামের একজন ট্রাকচালক বলেন, ঘাট থেকে প্রচুর আয় হলেও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কিংবা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ঘাটের যত্ন নিচ্ছে না। ঘাটটি নিয়মিত সংস্কার করছে না।
ভোলার ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, কমপক্ষে তিনটি ঘাট দরকার। লো-ওয়াটার, মিড-ওয়াটার ও হাই-ওয়াটার ঘাট। কারণ, মেঘনার রূপ একেক সময় একেক রকম হয়।
বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের বরিশাল কার্যালয়ের উপপরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, তাঁরা দ্রুত গ্যাংওয়ে উঁচু করে ঘাটটি সহজ ব্যবহারের উপযোগী করবেন। তা ছাড়া নতুন ঘাট করবে প্রকৌশল বিভাগ।
বিআইডব্লিউটিএর বরিশাল প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ কবির বলেন, তিনি সোমবার পরিদর্শন করে ইলিশা ফেরিঘাটের দুরবস্থা পর্যবেক্ষণ করেছেন। তাঁরা পরিচালন বিভাগের গ্যাংওয়ে উত্তোলনের সঙ্গে ফেরি থেকে গাড়ি ওঠানামার সড়ক সংস্কার করবেন। এ ছাড়া জেলা প্রশাসক ও পাউবোর নির্বাহী প্রকৌশলীকে ঘাট রক্ষায় জিও টেক্সটাইল বস্তা ফেলতে বলেছেন। তিনি আরও বলেন, বর্ষায় নয়, শীত মৌসুমে নতুন ঘাট নির্মাণে হাত দিতে হবে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার বলেন, ফেরিঘাট রক্ষায় তাঁরা শিগগিরই বালুভর্তি জিও টেক্সটাইল বস্তা ফেলবেন।