জোয়ারের সময় গ্যাংওয়ে ও ঘাটে যাওয়ার রাস্তা পানিতে ডুবে থাকায় ভোলা-লক্ষ্মীপুর নৌপথে চলাচলকারী যাত্রী ও গাড়িচালকেরা ভোগান্তি পোহাচ্ছেন। বর্ষা মৌসুমে এ সমস্যা বেশি হচ্ছে। এ অবস্থায় ঈদের আগেই তাঁরা এই পথের দুই পাড়ে দুটি হাই-ওয়াটার গ্যাংওয়ে স্থাপন করার দাবি জানিয়েছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা সূত্রে জানা গেছে, ভোলা-লক্ষ্মীপুর নৌপথের ফেরি দিয়ে বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের যানবাহন পারাপার করা হয়। এই মহাসড়ক দিয়ে বর্তমানে ১৬টি জেলার যানবাহন চলাচল করে।বিআইডব্লিউটিসির ভোলা ফেরিঘাটের ব্যবস্থাপক নুরুল ইসলাম ভূঁইয়া বলেন, ভোলা-লক্ষ্মীপুর ফেরিঘাট নির্মাণ করার সময় দুই পাড়ে দুটি করে ঘাট নির্মাণ করা হয়েছে। একটি লো-ওয়াটার (পানির স্তর কম থাকার সময় ব্যবহার উপযোগী ফেরিঘাট), অন্যটি হাই-ওয়াটার (পানির স্তর বেশি থাকার সময় ব্যবহার উপযোগী ফেরিঘাট)। লো-ওয়াটার ঘাটে গ্যাংওয়ে বসানো হলেও হাই-ওয়াটার ঘাটে এখনো গ্যাংওয়ে বসায়নি বিআইডব্লিউটিএ। বর্ষাকালে জোয়ারের সময় দুই পাড়েই লো-ওয়াটার গ্যাংওয়েটি একদম ডুবে যায়। এ সময় দিনে চার-পাঁচ ঘণ্টা গাড়ি ওঠানামা বন্ধ থাকে। ফলে যাত্রী ও গাড়ির চালকদের ভোগান্তি পোহাতে হয়। প্রায়ই গাড়ি ওঠানামার সময় যন্ত্রাংশ ভেঙে গাড়ি বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, জোয়ারের সময় পানি বাড়তে থাকলে লো-ওয়াটার গ্যাংওয়ে এবং গ্যাংওয়ে-সংলগ্ন সড়ক পানিতে ডুবে যায়। এ সময় তিন-চার ঘণ্টা কোনো যানবাহন ফেরিতে উঠানামা করতে পারে না।যাত্রীরা জানায়, জোয়ারের সময় যাত্রীরা নৌকা দিয়ে ফেরিঘাটে ওঠানামা করে। এ জন্য তাঁদের বাড়তি ১৫ টাকা খরচ করতে হয়। যেসব যাত্রীর মালামাল বেশি, তাদের বাড়তি খরচ হচ্ছে।ট্রাকচালক রফিকুল ইসলাম বলেন, জোয়ারের সময় ফেরিতে গাড়ি নিয়ে ওঠানামা করা ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় দুই পাড়ে দুটি হাই-ওয়াটার গ্যাংওয়ে স্থাপন করা জরুরি।বিআইডব্লিউটিএর বরিশাল বিভাগীয় নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ বলেন, ‘একটি গ্যাংওয়ে দিয়ে সারা বছর ফেরিতে যান ওঠানামা সম্ভব নয়। এ অবস্থায় হাই-ওয়াটার গ্যাংওয়ে দরকার। সেই গুরুত্ব বিবেচনা করে আমরা অনেক আগেই ভোলা-লক্ষ্মীপুর নৌপথের দুই পাড়ে দুটি হাই-ওয়াটার গ্যাংওয়ে স্থাপন করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠিয়েছি। আশা করা যাচ্ছে, ঈদের আগে হাই-ওয়াটার গ্যাংওয়ে বসানোর কাজ শুরু করা সম্ভব হবে।