জোয়ারে ডোবে ভাটায় ভাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসের শুরুর দিকে দেবে যায় বেইলি সেতুটি। মাসের শেষের দিকে ভেঙে যায় খালের বাঁধ। এখন জোয়ার এলেই পানিতে তলিয়ে যাচ্ছে সেতুটি। তখন যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ভাটার সময় পানি সরে গেলে ফের সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। ১৪ দিন ধরে এভাবেই থেমে থেমে যান চলাচল করছে পটুয়াখালী-দশমিনা (ভায়া বাউফল) সড়কে। সড়কের শৌলা এলাকায় খালের ওপর বেইলি সেতুটি অবস্থিত।স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, জেলা সদরের সঙ্গে দশমিনা ও বাউফল উপজেলার সড়ক যোগাযোগ সহজ করতে বছর পাঁচেক আগে এই বিকল্প সড়কটি নির্মাণ করা হয়। এতে দশমিনা ও বাউফলের সঙ্গে উপজেলা সদরের সড়ক দূরত্ব অর্ধেক কমে যায়। এর আগে জেলা সদর থেকে দশমিনা যেতে ৪৭ কিলোমিটার সড়ক পাড়ি দিতে হতো এবং বাউফল যেতে পাড়ি দিতে হতো ৩৫ কিলোমিটার পথ। তবে বিকল্প ওই সড়ক হওয়ার পর এখন জেলা সদর থেকে দশমিনার দূরত্ব ২২ এবং বাউফলের দূরত্ব ১৭ কিলোমিটার দাঁড়িয়েছে।সময় ও অর্থ সাশ্রয়ের ফলে এই দুই উপজেলার মানুষের কাছে সড়ক বেশ গুরুত্ব পায়। ২৪ ফেব্রুয়ারি শৌলা খালের বাঁধটি সম্পূর্ণ ভেঙে গেলে জোয়ারের পানিতে সেতু তলিয়ে যায়। আবার ভাটার সময় সেতুটি ভেসে ওঠে।এ সড়কে যাতায়াতকারী উন্নয়নকর্মী রেজাউল করিম জানান, সেতুটি জোয়ারের সময় ডুবে যাওয়ায় অনেক কষ্ট ও অর্থ ব্যয় হচ্ছে তাঁর। দুবার গাড়ি বদলাতে হচ্ছে। ঝুঁকি নিয়ে নৌকা বা সেতুর রেলিং দিয়ে খাল পেরিয়ে গাড়ি ধরতে হচ্ছে। দশমিনার ফয়েজুর রহমান জানান, তিনি প্রায়ই মোটরসাইকেলে জেলা শহরে আসা-যাওয়া করেন। এখন জোয়ার হলেই সেতু ডুবে যায়। তাই পুরোনো পথে তাঁদের যাতায়াত করতে হচ্ছে।পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, ‘আমরা শৌলা খালের ওপর সেতু নির্মাণের দাবি জানিয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।’এলজিইডির নির্বাহী প্রকৌশলী স ম আব্দুস সালাম জানান, বেইলি সেতুটি দেবে যাওয়ায় সড়ক যোগাযোগ অনেকটা জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ওই স্থানে নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।