জোয়ারে তাড়া করে সাত লাখ মানুষকে
জোয়ারে ভোলায় মেঘনা নদীর তীরবর্তী ২৫টি ইউনিয়ন ও ৫০টি চরের সাত লাখ মানুষ ছয় দিন (২১-২৬ মে) ধরে প্রতিদিন ১০ ঘণ্টা পানিবন্দী অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড় মহাসেন এবং তার আগে ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে এসব এলাকার লোকালয় ও মাঠ-ঘাট। গত রোববার দুপুরে জোয়ারের সময় ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে গিয়ে দেখা যায়, পুরুষেরা সন্তানদের কোলে নিয়ে দৌড়ে উঁচু রাস্তায় উঠে আসছেন। আর নারীরা হাঁড়ি-পাতিল, কাপড়-চোপড়, মালামাল গোছাতে ব্যস্ত। এর পর কয়েক শ পুরুষ সন্তানদের নিয়ে উঁচু রাস্তায় আশ্রয় নিলেও নারীরা বাড়িতে বাঁশের মাচায়, খাটের ওপর, চালার ওপর এবং নৌকায় আশ্রয় নিলেন। গবাদিপশুগুলো মাথা উঁচু করে পানিতে ভাসছে। এলাকার বেশ কয়েকজন জানান, প্রতিদিন জোয়ার তাঁদের এভাবেই তাড়া করে। শুধু কাচিয়াই নয়, ভোলা সদরেরর রাজাপুর, পূর্ব ইলিশা; দৌলতখানের মদনপুর, চরপাতা, ভবানীপুর; বোরহানউদ্দিনের বড় মানিকা, পক্ষিয়া, হাসাননগর; তজুমদ্দিনের মলংচড়া, সোনাপুর; লালমোহনের লর্ড হার্ডিঞ্জ; চরফ্যাশনের চর মাদ্রাজ; মনপুরার হাজিরহাটসহ ২৫টি ইউনিয়নে প্রায় পাঁচ লাখ মানুষের একই রকম অবস্থা। জোয়ারের সময় আধা ঘণ্টার মধ্যে পাঁচ-ছয় হাত পানির নিচে ডুবে যায় মেঘনাতীরবর্তী এসব ইউনিয়নের অধিকাংশ এলাকা। ফসলের খেতগুলো চলে যায় সাত-আট হাত পানির নিচে। এ সময় ৫০টি চরও ডুবে যায়। এসব এলাকায় আংশিক-সম্পূর্ণ মিলিয়ে ৯৬ কিলোমিটার বাঁধ ভাঙা। ছয় দিন ধরে জোয়ারের সময় ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকছে। শাহমাদার গ্রামের কামিনা বেগম জানান, ছয় দিন ধরে তাঁদের ঘরে রান্না হয় না। জ্বালানি কাঠ ভিজে গেছে। চিড়া-মুড়ি খেয়ে দিন কাটছে তাঁদের। রাতে ঘুমাতে পারেন না। রাত তিনটায় জোয়ার আসে শোঁ-শোঁ করে। ভয়ে ভোর ছয়টা পর্যন্ত জেগে থাকেন। শিশুদের কোলে নিয়ে তিন ঘণ্টা মাচায় বা খাটে বসে থাকতে হয়। সদর উপজেলার বালিয়াকান্দি গ্রামের কলমি বালা (৬৫) বলেন, ‘এরুম পানি জীয়নে দেহিনো। গরের খাডের নিচে চাইরখান ইট দিছি, হের পরেও পানি উডে।’ বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ও পক্ষিয়া ইউনিয়নের ১০টি গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ জোয়ারের সময় পানিবন্দী থাকে। জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, শীতের মধ্যেই পাউবোর বাঁধ সংস্কার করা উচিত ছিল। কিন্তু তারা সেটি না করায় মানুষকে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাউবো ভোলার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাসির উদ্দিন বলেন, ‘ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের জন্য ইতিমধ্যে আমরা কিছু দরপত্র আহ্বান করেছি, কিছু কার্যাদেশ দিয়েছি এবং কিছু দরপত্র আহ্বান করব।’