অমাবস্যার প্রভাবে ভোলার তিনটি উপজেলায় ভাঙনের তীব্রতা বেড়েছে। উচ্চ জোয়ারে তিন হাজার পরিবার দিনের ১০ ঘণ্টা পানিবন্দী হয়ে থাকছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোটি কোটি টাকা খরচ করে জরুরি ভিত্তিতে বাঁধ নিয়ন্ত্রণে কাজ করলেও ভাঙনের তীব্রতায় মুহূর্তেই তা ভেঙে বিলীন হচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মুরাদসফুল্লাহ; কাচিয়া ইউনিয়নের শাহমাদার, ভবানীপুর, কাঁচিয়া, খরকী; ধনিয়া ইউনিয়নের তুলাতুলি, নাছির মাঝি; দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের বৈকণ্ঠপুর, মাঝির হাট; চরপাতা ইউনিয়নের চরপাতা, লেজপাতা; ভবানীপুর ইউনিয়নের চারটি ওয়ার্ড; সৈয়দপুর ইউনিয়নের গুপ্তবাজার; বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের আলীমউদ্দিন, লামছীধলী; পক্ষিয়া ইউনিয়নের বাটামারা, মধ্যম ধলী, বাংলাবাজারসহ হাসাননগর ইউনিয়নের ছয়টি ওয়ার্ডের প্রায় তিন হাজার পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছে।বাটামারা গ্রামের পল্লি চিকিৎসক শাহ আলমগীর জানান, অমাবস্যার প্রভাবে দিনে জোয়ারের ১০ ঘণ্টা পানিবন্দী হয়ে থাকতে হচ্ছে। মুহূর্তের মধ্যেই জোয়ারে ঘরবাড়ি ডুবে যাচ্ছে। জোয়ারের পানির হাত থেকে আসবাব বাঁচাতে দৌড়-ঝাঁপ শুরু হয়ে যায়। কাঁচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর বেলায়েত হোসেন অভিযোগ করেন, গত আষাঢ় মাসের মাঝামাঝি সময়ে পাউবো যে বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করেছে, তা বর্ষা শেষ হতে না হতেই ভেঙে গেছে। ভাঙনের মাত্রাও তীব্র আকার ধারণ করেছে। গত তিন দিনে কমপক্ষে ২০টি বাড়িসহ ২০০ একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দেখা যায়, তুলাতুলি এলাকায় ভোলা শহর রক্ষা বাঁধের ভাঙন ঠেকানোর জন্য পাউবো কয়েক দিন আগে ২৫ লাখ টাকার জিও ব্যাগ ফেলেছিল। ওই ব্যাগ মেঘনায় তলিয়ে গেছে। এখন প্রায় ২০০ মিটার এলাকা ভেঙে ভোলা শহর রক্ষা বাঁধের তিন ভাগের দুই ভাগ বিলীন হয়ে গেছে। ওই বাঁধ ঠেকানোর জন্য আরও ১৪০০ জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং ৫০০ মিটার রিং বাঁধ দেওয়া হচ্ছে। ভোলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান বলেন, ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে এক কোটি ৭৫ লাখ টাকার কাজ চলছে। এর আগে সদর উপজেলার ধনিয়া এলাকায় ভোলা শহর রক্ষা বাঁধ রক্ষায় আরও ২৫ লাখ টাকা ব্যয় করা হয়েছে। সেই জিও ব্যাগ ভাঙনের তীব্রতায় ভেসে গেছে। বর্তমানে ওই এলাকায় শহর রক্ষা বাঁধ নিয়ন্ত্রণে আর প্রায় ২০ লাখ টাকা ব্যয় হতে পারে।