জোয়ারে ভাসছে কুতুবদিয়া ও পেকুয়ার তিন হাজার ঘরবাড়ি
পূর্ণিমার জোয়ারে ভাঙা বেড়িবাঁধ দিয়ে সাগরের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া ও পেকুয়া উপজেলার ৭৩টি গ্রাম প্লাবিত হচ্ছে। জোয়ারের লোনা পানিতে ভাসছে এই দুই উপজেলার প্রায় তিন হাজার বসতবাড়ি। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় দুই লাখ মানুষ।কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ আহমেদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাছিনা আকতার সরেজমিন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে এসে সাংবাদিকদের বলেন, গত ৫ জুলাই থেকে শুরু হওয়া পূর্ণিমার জোয়ারে নতুন করে বেড়িবাঁধ বিলীন হচ্ছে।এর মধ্যে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১০ গ্রামের প্রায় ৯০০ পরিবার, বড়ঘোপ ইউনিয়নের ১১ গ্রামের ৫০০ পরিবার, আলী আকবর ডেইল ইউনিয়নের আট গ্রামের ৪০০ পরিবার, উত্তর ধুরুং ইউনিয়নের নয় গ্রামের ১৫০ পরিবার, লেমশীখালী ইউনিয়নের আট গ্রামের ৩০০ পরিবার, দক্ষিণ ধুরুং ইউনিয়নের ছয় গ্রামের ১৫০ পরিবারসহ ২১০০ পরিবারের প্রায় ৯০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার চারদিকে পানি উন্নয়ন বোর্ডের ৪০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে প্রায় পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ বিলীন রয়েছে। আরও প্রায় ১৮ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। চলতি পূর্ণিমার জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়ে উপকূলে আঘাত হানছে এবং ভাঙা বাঁধ দিয়ে ঢুকে বসতবাড়ি তলিয়ে নিচ্ছে। গত দুই দিনে এই উপজেলার কৈয়ারবিল ও আলী আকবর ডেইল ইউনিয়নের ২৪০টির বেশি কাঁচা বসতবাড়ি ভেঙে গেছে।কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমগীর মাতবর বলেন, পূর্ণিমার জোয়ারে এই ইউনিয়নের পরান সিকদারপাড়া, মহাজনপাড়া, ঘিলাছড়ি, মফজল ডিলারপাড়া, বিন্দাপাড়া, মতিরবাপের পাড়ার প্রায় ৮৫০টি বাড়িঘর ডুবে গেছে। এসব ঘরের কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে। নিম্নচাপের কারণে গতকাল সোমবার বিকেল থেকে সাগর উত্তাল হয়ে পড়েছে।আবহাওয়া অফিস কক্সবাজার উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে। আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী বলেন, জোয়ারের পানিতে বায়ুবিদ্যুৎকেন্দ্রসহ আনিচের ডেইল, পূর্ব তাবলরচর এলাকায় পাঁচ শতাধিক বসতবাড়ি প্লাবিত হচ্ছে।কুতুবদিয়া বাঁচাও আন্দোলনের সভাপতি শাহরিয়ার চৌধুরী বলেন, ফয়জনের বাপেরপাড়ায় প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হওয়ায় জোয়ারের পানি ঢুকে কয়েক হাজার একর ফসলি জমি ও হাজার হাজার ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড কুতুবদিয়ার উপবিভাগীয় প্রকৌশলী মো. আব্বাস উদ্দিন বলেন, পূর্ণিমার জোয়ারে বিভিন্ন এলাকায় ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ঘরবাড়ি বিলীন হচ্ছে। বর্ষার এই সময়ে ভাঙা বাঁধ নির্মাণ সম্ভব নয়। তবে অস্থায়ীভাবে ভাঙা বাঁধ মেরামত করে প্লাবন ঠেকানোর চেষ্টা চলছে।এদিকে জোয়ারের পানিতে পেকুয়া উপজেলার উজানটিয়া ও মগনামা ইউনিয়নের ২৩টি গ্রাম প্লাবিত হচ্ছে। উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী বলেন, প্রায় দেড় মাস আগে দুই ইউনিয়নের প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। কিন্তু ভাঙা বাঁধ সংস্কার না করায় ২০টির বেশি গ্রামের কয়েক শ বসতবাড়ি প্লাবিত হচ্ছে। গত দুই দিনে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের, বসতবাড়িসহ নানা অবকাঠামো। মগনামা ইউপির চেয়ারম্যান শহিদুল মোস্তফা বলেন, ইউনিয়নের কাকপাড়ার ভাঙা বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় ঘোষালপাড়া, নতুনপাড়া, মিয়াপাড়া, জালিয়াপাড়া, ফেরাসিঙ্গাপাড়া, মিয়াজির পাড়া দিয়ে জোয়ারের পানি ঢুকে হাজার হাজার ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৫০ হাজারের বেশি মানুষ।