নিম্নচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া ও নিঝুম দ্বীপ ইউনিয়নের সঙ্গে সব ধরনের নৌ-যোগাযোগ দুই দিন ধরে বন্ধ রয়েছে। এতে দ্বীপ দুটির বাসিন্দারা ভোগান্তির মধ্যে পড়েছে।উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো মেঘনা, বামনী ও ছোট ফেনী নদীতে স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ফুট উচ্চতায় জোয়ার বয়ে যায়। এতে হাতিয়ার নলচিরার আংশিক ও নিঝুম দ্বীপের বেশির ভাগ এলাকাই প্লাবিত হয়েছে। এর মধ্যে জোয়ারের চাপে হাতিয়ার নলচিরা এলাকায় অন্তত ৫০ ফুট বেড়িবাঁধ ভেঙে গেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহরাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, অস্বাভাবিক জোয়ারে দ্বীপের পুরোটাই প্লাবিত হয়েছে। এতে বাসিন্দার দুর্ভোগের মধ্যে পড়েছে। বাড়িঘরে পানি ওঠায় মানুষের রান্নাবান্নাও বন্ধ রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে তিনি বিভিন্ন এলাকায় শুকনা চিড়া বিতরণ করেছেন।অন্যদিকে, সাগরে নিম্নচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় দুই দিন ধরে নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে হাতিয়া ও নিঝুম দ্বীপের নৌযোগাযোগ বন্ধ রয়েছে। চেয়ারম্যান ঘাট-নলচিরা ও চেয়ারম্যান ঘাট-চরচেঙ্গা রুটে চলাচলকারী দুটি সি-ট্রাক বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসি। হাতিয়ার ইউএনও মো. মাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অস্বাভাবিক জোয়ারে নলচিরা ইউনিয়নের বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে নলচিরার অন্তত ১০০ কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া শুখচর ইউনিয়নের বেড়িবাঁধও হুমকির মুখে রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।’কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) নাছির উল্লা খান বলেন, ‘অস্বাভাবিক জোয়ারে বামনী ও ছোট ফেনী নদীর তীরবর্তী চরএলাহী ও মুছাপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় দুই দিন আগেই সতর্কতা জারি করা হয়েছিল।’