জোয়ারে ভেসে এল আরও ১৪ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাণ বাঁচাতে ছোট ছোট নৌকায় গাদাগাদি করে সাগর পাড়ি দিচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গারা। ছবি: রয়টার্স
প্রাণ বাঁচাতে ছোট ছোট নৌকায় গাদাগাদি করে সাগর পাড়ি দিচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গারা। ছবি: রয়টার্স

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসার সময় রোহিঙ্গা বহনকারী নৌকাডুবির ঘটনায় আরও ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে এ ঘটনায় ১৪ জনের লাশ ভেসে এসেছিল।

রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে গত রোববার সন্ধ্যায় নারী, শিশুসহ ৫০ জনের বেশি রোহিঙ্গা ইঞ্জিনচালিত ওই নৌকায় করে টেকনাফে আসছিল। রাত নয়টার দিকে নৌকাটি টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় নাফ নদী ও সাগরের মোহনায় ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফ সদরে হাবিরছড়া, রাজারছড়া এলাকায় জোয়ারের পানির সঙ্গে সৈকত ভেসে আসে আরও নয় লাশ। আর দুপুর সাড়ে ১২টার দিকে একজনের ও দেড়টার দিকে আরেকজনের লাশ ভেসে আসে। বিজিবি, পুলিশ ও স্থানীয় লোকজন লাশগুলো উদ্ধার করে।

পরে আজ বেলা তিনটার দিকে টেকনাফের বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া সমুদ্রসৈকত থেকে আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে একজন শিশু ও দুজন নারী। বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাঞ্চন কান্তি পাল প্রথম আলোকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেন, আজ উদ্ধার হওয়া ১৪ জনের মধ্যে ১১ জন নারী ও তিন শিশু রয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট ২৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৪ শিশু, ১৩ নারী ও একজন পুরুষ।

প্রাণ বাঁচাতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আসার পথে নাফ নদী এবং বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গেও প্রতিনিয়ত লড়তে হচ্ছে রোহিঙ্গাদের। ২৯ আগস্ট থেকে ৮ অক্টোবর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরে রোহিঙ্গা বহনকারী ২৫টি নৌকাডুবির ঘটনায় ১৬২ জনের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন বাংলাদেশি। তিনি নৌকার মাঝি ছিলেন।

উদ্ধার হওয়া লাশের মধ্যে উখিয়া থেকে ২৮ এবং টেকনাফ থেকে ১৩৪ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ৮৩টি শিশু, ৫২ নারী ও ২৭ জন পুরুষ।