জোয়ারে ভেসে গেছে ১৬১ কোটি টাকার মাছ
‘হঠাৎ জোয়ারের পানিতে প্লাবিত হলো চিংড়িঘের। চোখের পলকে ভেসে গেল মাছ। শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া মাছগুলো রক্ষার কোনো উপায় ছিল না।’ পটুয়াখালীর রাঙ্গাবালী থানার চর কাসেমের লুৎফর রহমান বাবুল এভাবেই জানালেন তাঁদের চিংড়িঘেরের মাছ কীভাবে জোয়ারের পানিতে ভেসে গেল। তিনি বলেন, গত বুধবারের জোয়ারে বুঝে উঠতে পারা যায়নি পানি আরও বাড়বে। গত বৃহস্পতিবার জোয়ারের সময় প্রবল বেগে প্লাবিত হলো এই এলাকা। ভেসে গেল তাঁদের দুটি চিংড়িঘেরের দশ লক্ষাধিক টাকার মাছ। শুধু তাঁদেরই নয়, সেখানকার আতিক মিয়া, আতা হাওলাদার, দুলাল মৃধা, ছালাম সিকদারসহ রাঙ্গাবালী-মৌডুবি এলাকার পাঁচ শতাধিক চিংড়িঘেরসহ পুকুরের মাছ জোয়ারের পানিতে ভেসে গেছে এই চার দিনের জোয়ারের পানিতে। এই ক্ষতি কীভাবে কাটিয়ে উঠতে পারবে তা নিয়ে ক্ষতিগ্রস্ত সবাই চিন্তিত।’ এদিকে জেলা শহরের সার্কিট হাউস এলাকায় সাউদান ফার্ম, অফিসার্স ক্লাব পুকুর, সার্কিট হাউস পুকুর, ডাকবাংলো পুকুরের মাছ জোয়ারের পানিতে ভেসে গেছে। এসব পুকুরের পরিচালক মো. জাকির হোসেন জানান, প্রবল বর্ষণে পুকুরগুলোতে পানি বৃদ্ধি পাওয়ায় চারদিকে জাল দিয়ে পুকুরের পোনা মাছ রক্ষার চেষ্টা করা হয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার দুপুরে জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে পুকুরগুলো প্লাবিত হলে মাছ আর রক্ষা করা সম্ভব হয়নি। জোয়ারের পানিতে তাঁদের প্রায় ১০ লাখ টাকার পোনা মাছ ভেসে গেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে জোয়ারের সময় সাগর ও নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। বুধবার থেকে চার দিন ধরে টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে পটুয়াখালী জেলার ৯০ হাজার ১৭৪টি পুকুর ও এক হাজার ৮৫টি ঘেরের মাছ ভেসে গেছে, যার মূল্য প্রায় ১৬১ কোটি টাকা। জেলা মৎস্য অফিস জানায়, জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে জেলার ৯০ হাজার ১৭৪টি পুকুর ও এক হাজার ৮৫টি ঘেরের মাছ ভেসে গেছে। এর মধ্যে সদর উপজেলায় ১১ হাজার ১১২টি পুকুর ও ৮০টি ঘের, কলাপাড়ায় ১০ হাজার ২২১পি পুকুর ও ১৩৩টি ঘের, বাউফলে ৩০ হাজার পুকুর ও ১৪০টি ঘের, গলাচিপায় ২০ হাজার পুকুর ও ৩০০টি ঘের, দশমিনায় আট হাজার ৮৫০টি পুকুর ও ২৫০টি ঘের, মির্জাগঞ্জে ছয় হাজার পুকুর ও ১৬২টি ঘের, দুমকী উপজেলায় চার হাজার পুকুর ও ২০টি ঘেরের মাছ জোয়ারের পানিতে ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে লক্ষাধিক মৎস্যচাষি। জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক হিসাব অনুযায়ী ৬১ কোটি ৪৪ লাখ টন মাছ, ২৪ কোটি ৫৭ লাখ ৫১ হাজার টন চিংড়ি ও চার কোটি ২৫ লাখ মেট্রিক টন পোনা মাছ জোয়ারের পানিতে ভেসে গেছে। টাকার হিসাবে ক্ষতির পরিমাণ ১৬০ কোটি ৮৮ লাখ ৫৮ হাজার টাকা।