জোয়ারে ভেসে গেল তরমুজ, লবণ
অস্বাভাবিক জোয়ারে কক্সবাজারের টেকনাফ উপকূলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে টেকনাফ বেড়িবাঁধের ৬৮ নম্বর পোল্ডার দিয়ে নাফ নদের লবণপানি ঢোকে। এতে ৩০০ একরের তরমুজ ও ৮০০ একরের লবণের মাঠ ভেসে যায়।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি ভাঙা বাঁধ সংস্কারকাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আবদুর রহমান। ৬৫৮ মিটার বাঁধ সংস্কারের জন্য পাউবো ৭৩ লাখ টাকা বরাদ্দ দেয়। কাজটি পায় ঠিকাদারিপ্রতিষ্ঠান মেসার্স ওয়েস্টটেন কনস্ট্রাকশন। দৈনিক দেড় শতাধিক শ্রমিক কাজ শুরু করেন। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই গত রোববার সকালে আড়াই নম্বর স্লুইসগেট এলাকা দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ে। পরের দিনও একইভাবে জোয়ারের পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে টেকনাফের প্রায় আট হাজার একর জমিতে তরমুজ চাষ করেন চাষিরা। আর লবণের মাঠ করা হয় ১৫ হাজার একর জমিতে। এবার তরমুজের ফলন অন্য বছরের তুলনায় ভালো ছিল।স্থানীয় বাসিন্দারা জানান, বাঁধটি ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের সময় ভেঙে যায়। বিগত পাঁচ বছরে এটি মাটি দিয়ে তিনবার মেরামত করা হয়। কিন্তু কোনোভাবেই এটি রক্ষা করা যাচ্ছে না। মাটি ফেলে ওপরে সিসি ব্লক বসানো গেলে বাঁধটি রক্ষা করা সম্ভব হবে বলে মত দিয়েছেন স্থানীয় লোকজন। সাবরাং ওয়াব প্রিয়া গ্রামের চাষি আমির হোসেন জানান, তিনি গত বছর দুই একর জমিতে তরমুজের চাষ করেছিলেন। গত বছরের ১ এপ্রিল অমাবস্যার প্রভাবে নদীর পানি অস্বাভাবিক বেড়ে যায়। এতে তাঁর খেতের সব তরমুজ নষ্ট হয়ে যায়। এ বছর আবারও হঠাৎ বাঁধ ভেঙে জোয়ারের পানিতে খেত তলিয়ে গেল। নাজিরপাড়া গ্রামের লবণচাষি ছৈয়দ আলম জানান, অস্বাভাবিক জোয়ারের পানি বাঁধ ভেঙে মাঠে ঢুকে পড়ায় সব লবণ নষ্ট হয়ে গেছে। গত বছরের লোকসানই এখনো পুষিয়ে উঠতে পারেননি তিনি।উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, গত বছরের অভিজ্ঞতার পর প্রায় সব কৃষক এবার আগাম তরমুজের চাষ করেছিলেন। কিন্তু এবার জোয়ারটাও আগাম এসে গেছে।