জোয়ারের কারণে বাউফলে চার ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ
পূর্ণিমার জোয়ারের পানিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাটের গ্যাংওয়ে ও সংযোগ সেতু ডুবে গেছে। এ কারণে উপজেলার সঙ্গে দুই দিন ধরে দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ থাকে।গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে সরেজমিনে দেখা যায়, তখনো গ্যাংওয়ের সংযোগ সেতুর একাংশ জোয়ারের পানিতে ডুবে আছে। এ সময় স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত প্রতিদিন কমপক্ষে চার ঘণ্টা বগা ফেরির গ্যাংওয়ে ও সংযোগ সড়ক জোয়ারের পানিতে ডুবে থাকে। এ কারণে ওই সময় সব যানবাহন চলাচল বন্ধ থাকে।বাসচালক আবদুল মালেক জানান, আট-নয় বছর ধরে অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের সময় কোনোভাবেই যানবাহন এপার থেকে ওপারে যাওয়া-আসা করতে পারে না। আর বর্ষার সময় এ সমস্যা প্রকট হয়। তিনি ফেরির গ্যাংওয়ের সঙ্গে সংযোগ সেতু ও সড়ক দ্রুত উঁচু করার দাবি জানান।পটুয়াখালী সওজের নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার বলেন, সব সময় যানবাহন চলাচলের উপযোগী গ্যাংওয়ে ও সংযোগ সেতু নির্মাণ করা হবে। ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করছি, শিগগিরই কাজ শুরু হবে।