জোয়ারের পানি ঢুকে টেকনাফে ৩ হাজার একরে চাষ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপকূলের নাফ নদী ও বঙ্গোপসাগরের বেড়িবাঁধ অরক্ষিত হয়ে পড়ায় প্রতিনিয়ত জোয়ারের পানি ঢুকে লোকালয়সহ আশপাশের অন্তত ২৪টি গ্রাম প্লাবিত হচ্ছে। এ কারণে চলতি আমন মৌসুমে তিন হাজার একর জমিতে চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। ভাঙা বাঁধ মেরামত করা না হলে আগামী লবণ মৌসুমে চাষাবাদ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী ও চাষিরা।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, উপকূলীয় এলাকার বেড়িবাঁধে ভাঙনের ফলে পৌর এলাকা, সদর ও সাবরাং ইউনিয়নে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। গোটা উপজেলায় আমনের আবাদ শুরু হলেও ওই তিন হাজার একরে চাষাবাদ বন্ধ রয়েছে।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পৌরসভার জালিয়াপাড়া, খাংকার ডেইল, নাইট্যংপাড়া, সাবরাং ও সদর ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে প্রতিদিন গ্রামগুলো প্লাবিত হচ্ছে। শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা আমির আহমদ ও সৈয়দ আলম বলেন, ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে পড়ায় আমন চাষ অনিশ্চিতের পাশাপাশি আগামী লবণ মৌসুমেও চাষাবাদে ব্যাঘাত সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়া, আছারবনিয়া, ওয়াবপ্রিয়া, লেজিরপাড়া, হারিয়াখালী গ্রামের মুজিবুর রহমান, আবুল কাছিম, আজিজুল হক, আবদুর রশিদ, জলিল আহমদ ও সুলতান আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরাসহ আরও একাধিক চাষির জনপ্রতি ১০-১৫ একর করে প্রায় ৫০০ একর জমিতে লবণাক্ত পানি আসা-যাওয়া করছে। বাধ্য হয়ে চাষাবাদ বন্ধ রাখতে হয়েছে।’সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, নাফ নদী ও বঙ্গোপসাগরের ভাঙা বাঁধের অংশ দিয়ে প্রতিনিয়ত জোয়ারের লবণাক্ত পানি প্রবেশ করায় প্রায় এক হাজার একর ফসলি জমি জোয়ার-ভাটায় প্লাবিত হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাবাসী আতঙ্কে দিনযাপন করছেন। যেকোনো সময় পুরো এলাকা নাফ নদী ও বঙ্গোপসাগরে বিলীন হতে চলেছে। এতে এলাকায় চাষাবাদ বন্ধ রয়েছে।টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, ‘দীর্ঘ ছয় বছর ধরে জোয়ারের পানি প্রবেশ করায় এলাকায় সব ধরনের চাষাবাদ বন্ধ হয়ে গেছে। স্থানীয় চাষিদের পাশাপাশি এলাকার বাসিন্দাদেরও দুর্ভোগের শেষ নেই। তাই জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’টেকনাফ পৌরসভার মেয়র মোহামঞ্চদ ইসলাম বলেন, সংশ্লিষ্ট এলাকায় প্রায় ছয় বছর ধরে এক হাজার ৭১০ একর জমিতে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না।টেকনাফ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, টেকনাফ পৌরসভা, সদর ইউনিয়নের এক হাজার ৩০০ মিটার ও সাবরাং ইউনিয়নের ৮০০ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। তা ছাড়া উপজেলার আরও তিনটি ইউনিয়নের প্রায় ১৩ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানি ঠেকাতে হলে এখানে পাথরের স্থায়ী বাঁধের বিকল্প নেই।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট এলাকাগুলো মাসের ১৫ দিন কোমরসমান জোয়ারের লবণাক্ত পানিতে জলাবদ্ধ হয়ে থাকে। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরবাড়ি ও রাস্তাঘাটেও পানি জমে থাকে। এতে ছাত্রছাত্রীদের লেখাপড়া এমনকি চাষাবাদে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে ভাঙা বাঁধ মেরামতের জন্য জেলা উন্নয়ন কমিটির সভায় বিষয়টি তুলে ধরা হয়েছে।