জোয়ারের পানিতে প্লাবিত মংলা পৌরশহর
পূর্ণিমার প্রভাবে পশুর ও মংলা নদীর জোয়ারের পানিতে বাগেরহাটের মংলা পৌরশহর প্লাবিত হয়েছে। গত বৃহস্পতিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত বেড়ে যাওয়া জোয়ারের পানিতে পৌরসভার রাস্তাঘাটসহ সরকারি-বেসরকারি স্থাপনা ডুবে যায়।পৌরসভার বাসিন্দারা বলেন, পাঁচ দিন ধরে পৌরসভার রাস্তাঘাটের ওপর দিয়ে জোয়ারের স্রোত বইছে। পশুর ও মংলা নদীর সঙ্গে সংযুক্ত ছোট খাল দিয়ে জোয়ারের পানি পৌরসভায় প্রবেশ করে। শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হলেও এসব খালের মুখে কোনো গেট নির্মাণ না করায় জোয়ারের সময় দিনে দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত এবং রাত ১০টা থেকে একটা পর্যন্ত দুবার মংলা পৌরশহরে এই অবস্থা চলছে। এতে ৫০ হাজার পৌরবাসীর দুর্ভোগ প্রতিদিন বেড়েই চলছে। অনেক পৌরবাসীর আশঙ্কা, এ অবস্থা চলতে থাকলে আগামী এক দশকের মধ্যে এই পৌরশহর বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। বাজারের ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, পৌরসভার আবদুল হাই সড়ক, সিঙ্গাপুর মার্কেট, নিউ মেইন রোড, বাজার মসজিদ রোড, বিএলএস রোড, মাদ্রাসা রোড, তাজমহল রোড, কবরস্থান রোড ও খেয়াঘাট এলাকায় দেড় থেকে দুই ফুট পানি ওঠে যায়। কোথাও কোথাও আরও বেশি পানি উঠেছে। নর্দমার নোংরা পানির সঙ্গে মিশে জোয়ারের পানি একাকার হয়ে রাস্তাঘাটে ছড়িয়ে পড়ায় পথচারীরা চরম দুর্ভোগে পড়েছে। মংলা বন্দর পৌরসভার মেয়র জুলফিকার আলী বলেন, অমাবস্যা ও পূর্ণিমায় নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে দু-তিন ফুট পানি বেশি হচ্ছে। পৌর কর্তৃপক্ষ প্রতিবছরই শহরের রাস্তাঘাট দফায় দফায় উঁচু করে চলেছে। শহর রক্ষা বাঁধও নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, এখন নদীর সঙ্গে সংযুক্ত প্রধান তিনটি খালে গেট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা হবে।