ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করার কারণে গত দুই মাসে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া গ্রামের দুটি মসজিদসহ প্রায় ৩০০ বসতবাড়ি সাগরে বিলীন হয়েছে। ভেঙে যাওয়া বাঁধ জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে এই দ্বীপের ৪০ হাজার এবং পাশের কাটাবুনিয়া ও সাবরাং এলাকার আরও ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিক মিয়া বলেন, গত বছরের ২০ জুলাই জোয়ারের পানিতে প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে শাহপরীর দ্বীপের সঙ্গে টেকনাফের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে ৫০-৬০ হাজার মানুষকে নৌকাযোগে যাতায়াত করতে হচ্ছে। গত শনিবার শাহপরীর দ্বীপে গিয়ে দেখা যায়, ভাঙা বাঁধ দিয়ে প্রবেশ করা সাগরের পানিতে পাকা সড়কটি ভেঙে গেছে। লোকজন বাঁশের সাঁকো ও নৌকাযোগে যাতায়াত করছে। সড়কের দুই পাশে কয়েক হাজার একর জমি লোনা পানিতে ডুবে আছে। জোয়ারের পানিতে ডাঙ্গরপাড়া, মাঝরপাড়া, দক্ষিণপাড়া, ঘোলাপাড়া, হারিয়াখালী ও কাটাবনিয়া গ্রামের কয়েক শ বসতবাড়ি প্লাবিত হচ্ছে। পশ্চিমপাড়ার জেলে আমিন উল্লাহ (৪৫) বলেন, ১৫ দিন আগে জোয়ারের পানিতে তাঁর বসতবাড়ি সাগরে বিলীন হয়েছে। এখন তিনি খাসজমিতে ঝুপড়িঘর বানিয়ে কোনো রকমে বাস করছেন। দক্ষিণপাড়ার মমতাজ বেগম (৫৬) বলেন, ‘নিজের ঘর হারিয়ে সন্তানদের নিয়ে ভাইয়ের ঘরে আশ্রয় নিয়েছি। এখন জোয়ারের পানিতে সেটিও ভেঙে যাচ্ছে।’শাহপরীর দ্বীপ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে এই দ্বীপের পশ্চিম অংশে (পশ্চিমপাড়ায়) এক কিলোমিটারের মতো বেড়িবাঁধ ভেঙে যায়। এর পর থেকে ২০১২ সাল পর্যন্ত ওই ভাঙা অংশটি মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রায় ৯০ কোটি টাকা খরচ করে। অনিয়ম-দুর্নীতির কারণে তৈরি বাঁধ বারবার ভেঙে যাচ্ছে। সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, সম্প্রতি ব্যক্তি উদ্যোগে ভরাখাল অংশের বাঁধ মেরামত করে পাকা সড়কে যানবাহন চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু জোয়ারের ধাক্কায় ওই বাঁধটি বিলীন হয়ে গেছে। স্থায়ী বাঁধ না হলে শাহপরীর দ্বীপ সাগরে হারিয়ে যেতে পারে। ভাঙা সড়কের মেরামত প্রসঙ্গে সওজের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, আগে ভাঙা বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। এর আগে রাস্তা সংস্কার করলে তা আবার বিলীন হতে পারে। এ কারণে সংস্কারকাজে হাত দেওয়া যাচ্ছে না। শাহপরীর দ্বীপ পর্যন্ত সড়ক সংস্কারে প্রায় ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মঈনুদ্দীন বলেন, চলতি জানুয়ারি মাসে ভাঙা বাঁধ মেরামতের জন্য প্রায় ১২ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এ ছাড়া স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ১০৮ কোটি টাকার একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আগামী এপ্রিলে জলবায়ু তহবিল থেকে এই প্রকল্পের অর্থ বরাদ্দ হতে পারে। পাউবো কার্যালয় সূত্র জানায়, শাহপরীর দ্বীপের দুই কিলোমিটার এবং কাটাবুনিয়া এলাকায় এক কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ বিলীন হয়েছে। নাফ নদীর তীরবর্তী শাহপরীর দ্বীপ ও টেকনাফ অংশে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আরও ২৪ কিলোমিটার বেড়িবাঁধ। এপ্রিলের আগে এসব বাঁধ মেরামত করা না হলে ৭০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়তে পারে।