জোয়ারের পানিতে ভেসে এল নারীর লাশ
রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় ছয় দিন পর আরও এক রোহিঙ্গা নারীর লাশ ভেসে এসেছে। টেকনাফ উপজেলায় সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ভরাখালে মুখ (ভাঙ্গা) এলাকায় গত সোমবার ভোর চারটার দিকে নৌকাডুবির ঘটনাটি ঘটেছিল। এ পর্যন্ত ওই ঘটনার পর ১৫ জনের লাশ পাওয়া গেল।
আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে সাবরাং ইউনিয়নের হাদুরছড়া সমুদ্রসৈকতে লাশটি ভেসে আসে। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে লাশটি দাফনের ব্যবস্থা করা হচ্ছে। ভেসে আসা নারীর আনুমানিক বয়স ১৮ থেকে ২০ বছরের মতো হতে পারে। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসার সময় গত সোমবারের দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনার পর অনেক রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষ নিখোঁজ ছিলেন।
নৌকাডুবিতে বেঁচে যাওয়া রোহিঙ্গারা বলেন, রোববার রাত ১২টার দিকে মিয়ানমারের মংডু শহরের দংখালী গ্রাম থেকে নৌকাটি ছেড়ে আসে। ওই নৌকায় ৬০ থেকে ৬৫ জনের মতো রোহিঙ্গা শরণার্থী ছিল। তাদের মধ্যে প্রায় ৩০টি শিশু। নৌকাডুবির পর বিভিন্নভাবে জীবিত বাঁচতে পেরেছে ২১ জন। তার মধ্যে শিশু ৭টি। অন্যরা নারী ও পুরুষ ছিলেন।
গত ২৯ আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত নাফ নদী ও সাগরে রোহিঙ্গাবোঝাই ছোট-বড় ২৬টি নৌকাডুবির ঘটনায় ১৮৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৮৬ জন রোহিঙ্গা। অন্যজন বাংলাদেশি নৌকার মাঝি। রোহিঙ্গাদের লাশের মধ্যে ৯১টি শিশু, ৬৫ নারী ও ৩০ জন পুরুষ।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, গত সোমবারের নৌকাডুবির ঘটনায় সাবরাং হাদুরছড়া সমুদ্রসৈকতে আরও এক নারীর অর্ধগলিত লাশ জোয়ারের পানির সঙ্গে ভেসে আসে। পরে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ১ জন পুরুষ, ৫টি শিশু ও ৯ জন নারী।