জোয়ারের পানিতে ভেসে গিয়ে তিন শিশুর মৃত্যু
পূর্ণিমার জোয়ারের পানিতে ভেসে গিয়ে গতকাল শনিবার দুপুরে কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে তিন শিশুর মৃত্যু হয়েছে। আর ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে ১৯ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে তিন হাজার বসতবাড়ি। ফলে এ নিয়ে এলাকার অন্তত ৩০ হাজার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, গত ২৪ ও ২৫ জুন এবং ৩ ও ৪ জুলাই সাগরের উত্তাল ঢেউ এবং অমাবস্যার জোয়ারের কবলে পড়ে প্রায় ১২ কিলোমিটারের বাঁধের বিভিন্ন স্থান ভেঙে গেছে। বিলীন হয়ে গেছে সরইতলা এলাকার প্রায় সাড়ে তিন কিলোমিটার বেড়িবাঁধ। এ কারণে ভেঙে যাওয়া বাঁধ দিয়ে গতকাল শনিবার দুপুরে অমাবস্যার জোয়ারের পানি ভেতরে ঢুকে লোকালয়ের ১৯ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং পানিবন্দী হয়ে পড়ে এলাকার অন্তত ৩০ হাজার মানুষ। আর জোয়ারের পানিতে ভেসে গিয়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলো পণ্ডিতের ডেইল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ তানিছ আহমদ (১১), বেগুনবুনিয়ার মৃত ছৈয়দ নুরের ছেলে মহি উদ্দিন (১২) ও পানিরছড়ার হাবিবুর রহমানের ছেলে শেফাউল করিম (১০)। গতকাল বিকেলে জোয়ারের পানি লোকালয় থেকে নেমে যাওয়ার পর তাদের লাশ পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন বলেন, ভাঙা বাঁধ জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য ইতিমধ্যে বেশ কয়েকবার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে বলা হলেও কোনো কাজ হয়নি। পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের উপসহকারী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, জোয়ার-ভাটা টেকানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রায় ৫০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ না আসায় বাঁধ সংস্কার করা সম্ভব হচ্ছে না।