জোয়ারের পানির নিচে চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চল
চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চল গতকাল সোমবার বিকেলে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। বাকলিয়া, মোহরা ও আগ্রাবাদ আবাসিক এলাকাসহ ব্যাপক এলাকা জোয়ারের পানিতে তলিয়ে যায়।খোঁজ নিয়ে জানা গেছে, জোয়ারের পানিতে চট্টগ্রামের প্রধান পাইকারি বাণিজ্যকেন্দ্র খাতুনগঞ্জের সড়কগুলো ডুবে যায়। আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় কোনো কোনো সড়কে হাঁটুপানি ওঠে। চাক্তাই এলাকার বিভিন্ন বিদ্যালয়ের নিচতলায় পানি ওঠে বলে স্থানীয় লোকজন জানান। পশ্চিম বাকলিয়ায় জোয়ারের পানি বিভিন্ন বাসাবাড়িতে ঢোকে।চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও জলাবদ্ধতা স্ট্যান্ডিং কমিটির সচিব আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সাধারণত অমাবস্যা ও পূর্ণিমার সময় জোয়ারের পানির উচ্চতা কিছুটা বেড়ে যায়। কিন্তু কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, জোয়ারের পানির গড় উচ্চতা প্রায় এক মিটার বেড়ে গেছে। এটা জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব বলে মনে হচ্ছে। আনোয়ার হোসেন বলেন, ‘চট্টগ্রাম শহরকে জলাবদ্ধমুক্ত রাখার লক্ষ্যে আমরা ১১টি স্থানে স্লুইসগেট নির্মাণের পরিকল্পনা নিয়েছি। এর মধ্যে চাক্তাই খাল ও মহেশখালে ব্যয়বহুল ফ্ল্যাপ (একধরনের স্লুইসগেট) নির্মাণ করতে হবে। চট্টগ্রাম শহরকে জলাবদ্ধমুক্ত রাখতে হলে বৃহ ৎ পরিকল্পনা গ্রহণ করতে হবে। হালিশহর, আগ্রাবাদ, চাক্তাই, খাতুনগঞ্জের মতো বাণিজ্যিক এলাকাগুলো জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে।’খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আজকাল জোয়ারের পানি বাড়লেই খাতুনগঞ্জের রাস্তাঘাট ডুবে যায়। তাই খাতুনগঞ্জের প্রধান সড়কগুলো উঁচু করার জন্য মেয়রের কাছে আমরা আবেদন করেছি। তিনি এসব সড়ক দেড় ফুট উঁচু করার আশ্বাস দিয়েছেন।’ আবহাওয়া দপ্তর জানায়, গতকাল জোয়ারের সময় পানির উচ্চতা ছিল ৫ দশমিক ৩ মিটার। এটা স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় এক ফুট বেশি। এ কারণে নগরের বিভিন্ন এলাকায় জোয়ারের পানি ঢুকতে দেখা গেছে। আজ মঙ্গলবারও জোয়ারের পানির উচ্চতা একই থাকবে বলে জানা গেছে।