কক্সবাজার সমুদ্রসৈকতে মরা শামুক ভেসে আসা এখনো বন্ধ হয়নি। জোয়ারের পানিতে ভেসে আসছে লাখ লাখ শামুক। স্থানীয় লোকজন কুড়িয়ে নিচ্ছে সেগুলো।গতকাল রোববার দুপুর ১২টার দিকে জোয়ারের সময় সৈকতে গিয়ে দেখা যায়, নাজিরারটেক থেকে ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সৈকতজুড়ে নানা বয়সী মানুষ শামুক কুড়ানোয় ব্যস্ত। আগুনে পুড়িয়ে চুন তৈরি বা মেশিনে চূর্ণ করে খামারের মাছ ও মুরগির খাদ্য তৈরির জন্য এই শামুক সংগ্রহ করা হচ্ছে।কিছু পর্যটকও শখের বশে দু-চারটি শামুক সংগ্রহ করছে। স্থানীয় কুতুবদিয়াপাড়ার বাসিন্দা আবদুল মজিদ ও রহিমা বেগম জানান, শামুক সংগ্রহের জন্য শত শত মানুষ সৈকতে ভিড় করছে। প্রতি কেজি শামুক বিক্রি হচ্ছে ১০ থেকে ১৪ টাকায়।এদিকে, পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মামুন জানান, চার দিন ধরে লাখ লাখ মরা শামুক ভেসে এলেও এর কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।এ প্রসঙ্গে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ-আল-মামুন গতকাল প্রথম আলোকে বলেন, পরীক্ষার জন্য কিছু নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের গবেষণাগারে পাঠানো হবে। তবে এতে কিছু জানা যাবে বলে মনে হয় না। তিনি বলেন, সাগরের পানিতে অক্সিজেনের মাত্রা কমে গেলে শামুকসহ নানা প্রাণীর মৃত্যু হতে পারে।এ ব্যাপারে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম রব্বানী বলেন, গবেষণা না করে শামুকের মৃত্যুর কারণ কী, তা বলা সম্ভব নয়।তবে কক্সবাজারের সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শাহাবুদ্দিন জানান, গত শনিবার দুপুরে সৈকত থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু এই নমুনা পরীক্ষা করে গভীর সাগরে ঝাঁকে ঝাঁকে শামুকের মৃত্যুর কারণ জানা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন বড় ধরনের গবেষণা।