জোয়ারের সঙ্গে লড়াই চার গ্রামের মানুষের
দুই বছর ধরে জোয়ারের সঙ্গে অসম লড়াই করছে পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের পায়রা নদীর পাড়ের চারটি গ্রামের মানুষ।ইটবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোজামেঞ্চল হক জমাদ্দার বলেন, ‘বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ইউনিয়নের দক্ষিণ চান্দখালী, বানিয়াকাঠি গ্রামের পুরো অংশ এবং পুকুরজনা ও পাশের পাঙ্গাশিয়া গ্রামের কিছু অংশ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এ কারণে দক্ষিণ চান্দখালী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, বানিয়াকাঠি শহীদ সঞ্চৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দখালী-বানিয়াকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চান্দখালী জনতা হাইস্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। গ্রামবাসীকে জোয়ারের কবল থেকে বাঁচাতে জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ মেরামতের জন্য একাধিকবার পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) অবহিত করেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না।’পাউবো পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, পায়রা নদীর পাড়ে ইটবাড়িয়া-লেবুখালী উপপ্রকল্পের আওয়ায় ৩৩ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ নির্মাণ করা হয়। সিডরে ও আইলায় এই বেড়িবাঁধের বেশ কিছু অংশ ভেঙে যায়। পরে এর ভাঙা অংশ মেরামত করা হয়। কিন্তু গত দুই বছরে পায়রার ভাঙনে চান্দখালী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় প্রায় ৩০০ মিটার বেড়িবাঁধ বিলীন হয়েছে। জোয়ারে নদীর পানি বৃদ্ধি পেলেই ওই ভাঙা অংশ দিয়ে গ্রামগুলোয় নির্বিঘ্নে পানি ঢোকে।গত বুধবার দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা গেছে, চারটি গ্রামের বেশির ভাগ ঘরে পানি উঠেছে। অনেকে চৌকির ওপর মাটির চুলায় রান্না করছেন। স্কুলগুলোয় পানির মধ্যে শিশুরা ক্লাস করছে। গরু-বাছুর বেড়িবাঁধে রাখা হয়েছে।চান্দখালী গ্রামের আবদুস ছোবাহান খান (৪৫) বলেন, গ্রামের মানুষ এখন জোয়ার-ভাটার ওপর নির্ভর করে বেঁচে আছে। জোয়ারের পানিতে বাড়ির আশপাশ ডুবে যায়। ভাটায় পানি সরে না যাওয়া পর্যন্ত ঘরে থাকতে হচ্ছে। গ্রামের আতাহার মিয়া জানান, তাঁর পাঁচ একর জমির রবি ফসল নষ্ট হয়ে গেছে। জলাবদ্ধতার কারণে আউশের চাষ হয়নি। এখন আমনের বীজতলা করার সময়, কিন্তু খেত ডুবে থাকায় এ বছরও বীজতলা করা সম্ভব হবে না। প্রায় একই ধরনের কথা বলেন বানিয়াকাঠি গ্রামের মোজামেঞ্চল মিয়াসহ কয়েকজন।সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল হাসান বলেন, ওই চার গ্রামে প্রায় এক হাজার ৫০০ হেক্টর আবাদি জমি রয়েছে। শুধু বেড়িবাঁধের কারণে জোয়ারের পানিতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পটুয়াখালী পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. আবু বকর ভূঁইয়া বলেন, বাঁধের ভাঙা অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।